ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন নির্বাচনে বিজয়ী হলে ঢাকাকে উন্নত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
কারওয়ান বাজারে ঢাকা-১১ আসনে দলীয় প্রার্থী আসাদুজ্জামান খান কামালের সমর্থনে সোমবার বিকেলে এক নির্বাচনী জনসভায় এ ঘোষণা দেন তিনি।
বক্তৃতায় সাবেক প্রধানমন্ত্রী বায়ু দূষণ রোধ করা এবং ঢাকায় উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে দোতলা রাস্তা, মনোরেল ও পাতাল রেল চালু করা হবে বলে ঘোষণা দেন।
পাশাপাশি ইশতেহারের ঘোষণা অনুযায়ী সবার জন্য শিক্ষা, বিদ্যুৎ উৎপাদন এবং পানি সমস্যা সমাধান করা হবে বলে জানান তিনি।
শেখ হাসিনা বলেন, "জনগণের ভোটে আওয়ামী লীগ নির্বাচিত হলে সমাজ থেকে সন্ত্রাস ও দুর্নীতি দূর করা হবে।"
আসাদুজ্জামান খান কামালকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় করে দিয়ে তিনি বলেন, "উনারাই যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। আশাকরি ২৯ তারিখ নির্বাচনেও বিজয় ছিনিয়ে আনবেন।"
হাসিনা জনগণের প্রতি নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমল ও বিগত চারদলীয় জোট সরকারের সময় দ্রব্যমূল্যসহ উন্নয়নের বিভিন্ন তুলনামূলক চিত্র তুলে ধরেন।
শেখ হাসিনা বলেন, "যারা মানুষের স্বাধীনতা হরণ করেছে তাদের ক্ষমতায় আসার কোনো অধিকার নেই। এখন স্পষ্ট হয়ে গেছে ক্ষমতায় আসার জন্য কারা কতো ভুয়া ভোটার তৈরি করেছে।"
তিনি বলেন, "ওই সময় দেশের জনগণ অনেক কষ্ট পেয়েছে। আমাকে জেল জুলুম সহ্য করতে হয়েছে। আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই আমি জেল জুলুম পরোয়া করি না।
হাসিনা বলেন, "আমি জাতির জনকের কন্যা। আমি আপনাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছি, আগামীতেও করবো। আপনাদের দেওয়া ওয়াদা রক্ষা করতে প্রয়োজনে আমি আমার বাবার মতো বুকের রক্ত দেবো।"
এসময় ঢাকা-৭ আসনে দলীয় প্রার্থী ড. মোস্তফা জালাল মহিউদ্দিনও উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ সভানেত্রী মোস্তফা জালাল মহিউদ্দিনকে সমবেত জনগণের মধ্যে পরিচয় করে দিয়ে বলেন, "আমি আপনাদের কাছে একজন সুশিক্ষিত, ভদ্র সন্তান তুলে দিলাম। আপনাদের কাছে তার জন্য দোয়া চাচ্ছি। ধরে নিন ও আমার ছেলে।"
কারওয়ান বাজারে জনসভার পর শেখ হাসিনা সরাসরি চলে যান হাজারিবাগ পার্ক মাঠে। সেখানে তিনি ঢাকা-১২ আসনের প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের পক্ষে প্রচারাভিযান চালান।
সেখান থেকে মোহাম্মদপুর, মীরপুর, পল্লবী, কাফরুল ও উত্তারায় আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে জনসভায় শেখ হাসিনার বক্তব্য রাখার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/জিএনএ/১৭২৭ ঘ.
bdnews24