২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোন শক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না: কাদের

২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচন বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য হবে আশা প্রকাশ করে উপদেষ্টা গোলাম কাদের বলেছেন, এবারের নির্বাচন কোন ভাবেই প্রশ্নবিদ্ধ হবে না। ২৯ ডিসেম্বর নির্বাচন হবেই, কোন শক্তিই তা বানচাল করতে পারবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2008, 10:34 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচন বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য হবে আশা প্রকাশ করে উপদেষ্টা গোলাম কাদের বলেছেন, এবারের নির্বাচন কোন ভাবেই প্রশ্নবিদ্ধ হবে না। ২৯ ডিসেম্বর নির্বাচন হবেই, কোন শক্তিই তা বানচাল করতে পারবে না। সোমবার গণপূর্ত মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, "২৯ ডিসেম্বর নির্বাচন নিয়ে সরকারের মধ্যে কোন সংশয় নেই।" দুর্নীতি রোধে সরকারের উদ্যোগ কতটা বাস্তবায়ন হয়েছে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "সব জিনিস পুরোপুরি বাস্তবায়িত হয়না।" সন্দেহভাজন দুনীতিবাজদের নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটা দেখার দায়িত্ব ভোটারদের। তারা কাকে ভোট দেবেন, তার উপর নির্ভর করবে দুর্নীতিবাজরা জয় লাভ করবেন কি না। প্রার্থী সৎ যোগ্য কি না, পেশী শক্তি নিয়ে সে নির্বাচন করতে চায় কি না, তা দেখার দায়িত্ব ভোটারের। সরকার যথাসম্ভব চেষ্ঠা করেছে। আইন বিধি বিধান সংশোধন করে নতুন ভাবে প্রণয়ন করেছে,অনেক আইন বাদ দিয়েছে। এখন সৎ প্রার্থী নির্বাচিত করার দায়িত্ব ভোটারের।" সংস্কার প্রক্রিয়া সম্পর্কে যোগাযোগ উপদেষ্টা বলেন, "সরকার নির্বাচনের বেশ কিছু সংস্কার করেছে। গত নির্বাচনের আগে এক কোটি ২২ লাখ জাল ভোটার ছিল, আমরা নতুন ভোটার তালিকায় তাদের বাদ দিয়েছি।" নির্বাচনের সময় বিশৃঙ্খলা সৃষ্টির আশংকা আছে কি না প্রশ্নের জবাবে উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, "আমরা সজাগ দৃষ্টি রাখছি। কোথাও শিথিলতা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।" তিনি বলেন, "আমরা পেশাদার সংশয়বাদীদের পদে পদে পরাজিত করেছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ভবিষ্যতে তাদের আবারো পরাজিত করবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএনএ/১৬২২ ঘ.