২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২৯৯ আসনে চূড়ান্ত প্রার্থী ১৫৩৮

২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনে (নোয়াখালী-১ বাদে) চূড়ান্ত বৈধ প্রার্থীর সংখ্যা ১৫৩৮। রোববার নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা আনুষ্ঠানিকভাবে এই প্রার্থী তালিকা প্রকাশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2008, 01:17 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনে (নোয়াখালী-১ বাদে) চূড়ান্ত বৈধ প্রার্থীর সংখ্যা ১৫৩৮। রোববার নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা আনুষ্ঠানিকভাবে এই প্রার্থী তালিকা প্রকাশ করেন। তালিকা প্রকাশ করে সিইসি বলেন, "এবার ২৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১৫৩৮ জন। তবে এ সংখ্যা দুই থেকে চারটি বাড়তে পারে, কারণ নির্বাচন কমিশনের শুনানির পর কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কয়েকজন প্রার্থী উচ্চ আদালতে আপিল করেছেন। আদালতে তা গৃহীত হলে প্রার্থী হিসেবে তাদের নাম তালিকায় আসতে পারে।" ইতোমধ্যে ব্যালট পেপার মুদ্রণের কাজ শুরু হয়েছে জানিয়ে সিইসি বলেন, "প্রায় ২৫টি আসনের ব্যালট পেপার মুদ্রণ কাজ আজকের মধ্যে (রোববার) শেষ হবে বলে আশা করছি। " চার দলীয় জোট ও মহাজোটের একাধিক আসনে একাধিক প্রার্থী থাকা সম্পর্কে সিইসি বলেন, "বিষয়টি দুই জোটের, রিটার্নিং কর্মকর্তা বা নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট নয়। আমরা মনে করি এ বিষয়ে জোটের শরিক দলগুলোর মধ্যে সমঝোতা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা আইন অনুযায়ী প্রয়োজনীয় কাজ সেরেছেন।" সিইসি জানান, নবম সংসদে সর্বমোট মনোনয়ন দাখিলের সংখ্যা ২৪৫৩টি। নোয়াখালী-১ আসন ছাড়া (১৪টি মনোনয়ন জমা) ২৯৯ আসনে জমা পড়া মনোনয়নপত্রের সংখ্যা ২৪৩৯টি। চূড়ান্তভাবে ৪৪২টি বাতিল ও ৪২৫টি মনোনয়ন প্রত্যাহার করার পর মোট বৈধ মনোনয়নের সংখ্যা ছিলো ১৫৭২টি। দল ও জোটগুলোর প্রতীক বরাদ্দের সময় দ্বৈত প্রার্থী কমে যাওয়ায় ২৯৯ আসনে চূড়ান্ত মনোনীত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৩৮। উপজেলা পরিষদ নির্বাচন এছাড়া আগামী ২২ জানুয়ারির তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪২২২টি, ভাইস চেয়ারম্যান পদে ৩৫৪৩টি ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২২১১টি মনোনয়নপত্র জমা পড়েছে। ১৭ থেকে ১৯ ডিসেম্বর এসব মনোনয়নপত্র বাছাই করবে কমিশন। ২০ ও ২১ ডিসেম্বর আপিল গ্রহণ করে ২২ ও ২৩ ডিসেম্বর গৃহীত আপিলের শুনানি করা হবে। উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৩১ ডিসেম্বর। প্রথম সংসদ নির্বাচনে ১০৮৭, দ্বিতীয় সংসদ নির্বাচনে ২১২৫, তৃতীয় সংসদ নির্বাচনে ১৫২৭, চতুর্থ সংসদ নির্বাচনে ৯৭৭, পঞ্চম সংসদ নির্বাচনে ২৭৮৭, ষষ্ঠ সংসদ নির্বাচনে ১৪৫০, সপ্তম সংসদ নির্বাচনে ২৫৭৪ ও অষ্টম সংসদ নির্বাচনে ১৯৩৯ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/এসকে/১৯০৭ঘ.