২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বসন্তে রঙিন বইমেলা

'বসন্ত বাতাসে সইগো... বসন্ত বাতাসে/বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে।' বসন্ত কেবল বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মনকেই রাঙিয়ে দিয়ে যায়নি, বইমেলায় আসা দর্শনার্থীদের মনেও তার ছোঁয়া। মেলা প্রাঙ্গণে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মোবাইল নিউজ রুম থেকে জানাচ্ছেন মাহমুদ শরীফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2008, 03:03 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

মাহমুদ শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "বসন্ত বাতাসে সইগো... বসন্ত বাতাসে/বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে।" বসন্ত কেবল বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মনকেই রাঙিয়ে দিয়ে যায়নি, বইমেলায় আসা দর্শনার্থীদের মনেও তার ছোঁয়া। ফাল্গুনের পয়লা দিনে মেলায় আগতদের পোশাকে ছিলো হলুদের ছড়াছড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা, টিএসসি থেকে বসন্ত উৎসবের আবহ ছড়িয়ে ছিল বই মেলা অব্ধি। তাই বইমেলা আর শুধু বইয়ের মেলা থাকেনি, হয়ে উঠেছিল বাসন্তী মেলা। দুপুর দুইটা থেকে মেলার দুই প্রবেশ পথের সামনে লম্বা লাইন পড়তে থাকে বলে বুধবার রীতির বাইরে গিয়ে তিনটার আগেই প্রবেশ পথ খুলে দেওয়া হয়। দুর্গ দখল করার মতোই মূহুর্তে মেলায় ঢল নামে মানুষের। বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের ছাত্রী শারমিন কিবরিয়া ও তিষুয়া নাশতারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে উচ্ছ্বাস প্রকাশ জানান, বুধবারই তারা প্রথম মেলায় এলেন। আগেই পরিকল্পনা ছিল, বসন্তের পয়লা দিনই মেলায় আসবেন। শারমিন আর নাশতারার মতো বিথি, রেনু, আরিফ, সাজ্জাদেরও বসন্তের প্রথম দিনে মেলায় আসা। তারাও অপেক্ষায় ছিলেন এ দিনটির। বসন্ত উৎসবের কল্যাণে মেলায় ভিড় বাড়ার পাশাপাশি বিক্রিও হয়েছে ভালো। প্রকাশকরাও প্রায় একই কথা জানিয়েছেন। দিব্য প্রকাশনের ব্যবস্থাপক খায়রুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজকে ভিড় যেমন বেশি, বিক্রিও যথেষ্ট ভালো। প্রতিদিন যদি আজকের মতো বিক্রি হতো!" বাংলা একাডেমীর সমন্বয় ও জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, বুধবার মেলায় নতুন বই এসেছে ৯৭টি। এদিন সেমিনারের বিষয় ছিল 'বাংলাদেশের শিল্প-সাহিত্যে তিন যুগের অর্জন: প্রবন্ধ (১৯৭২-২০০৭)।" এতে মূল প্রবন্ধ পাঠ করেন মাহবুবুল হক। আলোচনায় ছিলেন আজহারুল ইসলাম, লায়লা জামান ও স্বরোচিষ সরকার। সভাপতি ছিলেন আবুল কাশেম ফজলুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডিএস/জিএনএ/২০৫৫ ঘ.