মুক্তাদীর আহমদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিলেট প্রতিনিধি
সিলেট, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষা আন্দোলনের চেতনা বিরোধীরাই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। এরাই দেশের শত্র"। এদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এ কথা বলেছেন ভাষাসৈনিক দেওয়ান ফরিদ গাজী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মুক্তাদীর আহমদকে দেওয়া সাক্ষাৎকারে প্রবীণ এ রাজনীতিবিদ নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরারও আহ্বান জানিয়েছেন।
শুক্রবার সিলেট নগরীর শেখঘাটের বাসায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা হয় দেওয়ান ফরিদ গাজীর। এ সময় ভাষা আন্দোলনের পটভূমিসহ ওই সময়ের নানা কথা উঠে আসে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন সাবেক এ মন্ত্রী।
ভাষা আন্দোলনের সময় আসাম মুসলিম ছাত্র ফেডারেশনের প্রাদেশিক কমিটির সভাপতি ও এমসি কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন দেওয়ান ফরিদ গাজী।
দেওয়ান ফরিদ গাজী বলেন, ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পরই রাষ্ট্রভাষা প্রশ্নে সুধীজনদের মধ্যে আলোচনা চলতে থাকে। ১৯৪৮ সালে সিলেটের মুসলিম লীগের তরুণ কর্মীরা ছাত্র ও প্রগতিশীল রাজনৈতিক কর্মীরা ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন।
ওই সময়ের স্মৃতি হাতড়ে দেওয়ান ফরিদ গাজী বলেন, ১৯৪৭ সালে মুসলিম সাহিত্য সংসদকে কেন্দ্র করে সিলেটে যুব সমাজ ও বুদ্ধিজীবী সমাজ ভাষা আন্দোলনে জড়িয়ে পড়ে। ১৯৪৭ সালের আগস্ট মাসে ভাষা আন্দোলন নিয়ে সিলেটের আল ইসলাহ সাহিত্য পত্রিকায় লেখালেখি শুরু হয়। ১৯৪৭ সালের ৯ নভেম্বর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভায় রাষ্ট্রভাষা নিয়ে আলোচনা হয়। প্রায় ২ হাজার মানুষ এতে অংশ নেয়।
রাষ্ট্রভাষা বাংলার পক্ষে সেটিই দেশে প্রথম সমাবেশ বলে দাবি করেন দেওয়ান ফরিদ গাজী।
ওই সমাবেশের স্মৃতিচারণ করে তিনি বলেন, "ওইদিন মুসলিম চৌধুরী ভাষা আন্দোলনের ওপর একটি প্রবন্ধ পাঠ করেছিলেন। পরবর্তী সময়ে ১৯৪৭ সালের ৩০ নভেম্বর সরকারি আলিয়া মাদ্রাসা হলে রাষ্ট্রভাষা বাংলার পক্ষে বক্তব্য রাখেন সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী। সেদিন সভার শেষ পর্যায়ে কয়েকজন উর্দুপন্থী লোক হলে প্রবেশ করে সভায় বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াস চালিয়েছিল। এরপর থেকে বুদ্ধিজীবী ও ছাত্রসমাজের মধ্যে ভাষা আন্দোলন নিয়ে আলোচনা গভীর হতে থাকে।"
ভাষাসৈনিক জানান, ১৯৪৮ সালে পাকিস্তান সরকারের মন্ত্রী আবদুর রব নিশতার সিলেট এলে তৎকালীন মুসলিম ছাত্র ফেডারেশন ও মহিলা মুসলিম লীগের পক্ষ থেকে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানানো হয়। পরে সিলেটের কয়েকজন বিশিষ্ট নারী পূর্ব পাকিস্তানের তৎকালীন মুখ্যমন্ত্রী খাজা নাজিম উদ্দিনের কাছে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে স্মারকলিপি পাঠান। ওই সময় উল্লেখযোগ্য ভূমিকা রাখেন, জোবেদা রহিম চৌধুরী, সৈয়দা সাহার বানু প্রমুখ। ১৯৪৮ সালের ৮ মার্চ সিলেট গোবিন্দপার্কে (বর্তমান হাসান মার্কেট) রাষ্ট্রভাষার দাবিতে জনসভা হয়। এই সভায় সভাপতিত্ব করেন মাহমুদ আলী।
ফরিদ গাজী জানান, ওই সভায় উর্দুপন্থীরা হামলা চালালে মকসুদ আহমেদ, মাহমুদ আলী, দেওয়ান মোহাম্মদ আজরফসহ অনেকেই আহত হন।
তিনি জানান, ওই সময় সিলেটে ভাষা আন্দোলনে নেতৃত্বের ভূমিকায় ছিলেন তাসাদ্দুক আহমদ, মাহমুদ আলী, দেওয়ান মোহাম্মদ আজরফ, পীর হাবিবুর রহমান, এ জেড আব্দুল্লাহ, মাওলানা সাখাওয়াতুল আম্বিয়া, মনির উদ্দিন; ছাত্রদের মধ্যে ছিলেন, আব্দুল হামিদ, বরুণ রায়, আবুল মাল আবদুল মুহিত, নাসির আহমদ, ফারুক আহমদ চৌধুরী।
১৯৫২ এর ২১ শে ফেব্র"য়ারি ঢাকায় ১৪৪ ধারা ভঙ্গের সময় দেওয়ান ফরিদ গাজীও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
তিনি বলেন, "১৪৪ ধারা ভাঙ্গার পক্ষে-বিপক্ষে সারারাত বৈঠক হয়। ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্তের পর আবদুল মতিন, গাজীউল হক প্রমুখের নেতৃত্বে ১৪৪ ধারা ভঙ্গ করা হয়।"
ফরিদ গাজী বলেন, "ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালির জাতি হিসেবে বাঙালির পরিচয় অনুসন্ধানের ক্ষেত্র তৈরি হয়। বায়ান্নোর পথ ধরেই এসেছে চুয়ান্ন, ছেষট্টি, সত্তরের নির্বাচনের পর মহান মুক্তিযুদ্ধ। ভাষা আন্দোলনের চেতনা বিরোধীরাই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। এরাই দেশের শত্র"। এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।"
ভাষা আন্দোলনের ইতিহাস ঢাকাকেন্দ্রিক বলেও আক্ষেপ রয়েছে দেওয়ান ফরিদ গাজীর।
তিনি বলেন, "ওই সময় সারাদেশেই আন্দোলন হয়েছিল। আঞ্চলিক ইতিহাস যথাযথ গুরুত্বের সঙ্গে তুলে ধরতে হবে। তাহলে বাংলাদেশের ইতিহাসই সমৃদ্ধ হবে, পরিপূর্ণ হবে।"
নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবিও জানান তিনি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা ক্ষেত্রে ব্যর্থতার কথা অকপটে স্বীকার করেন আওয়ামী লীগের এ নেতা। বলেন, "আমরা যা পারিনি, নতুন প্রজন্মকে তা করতে হবে।"
বর্তমানে দেশ কঠিন সময় পার করছে মন্তব্য করে তিনি বলেন, "রাজনীতিকে বাঁচাতে হবে। রাজনীতি না বাঁচলে দেশ বাঁচবে না। ভাষা আন্দোলন-মুক্তিযুদ্ধ সব কিছু রাজনীতিবিদদের মাধ্যমেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২১ ঘ.
bdnews24