২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস বিস্ফোরণ: একই পরিবারের দগ্ধ ৫, দেয়াল ধসে আহত আরো দুই

চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, “এখানে থাকা দগ্ধদের অবস্থাই আশঙ্কাজনক। সবার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।“

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2023, 03:15 PM

Updated : 18 Dec 2023, 06:31 PM

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে রান্নাঘরের চুলার গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। 

এছাড়া বিস্ফোরণের ধাক্কায় ঘরের দেয়াল ভেঙে আহত হয়েছেন আরও দুজন, যারা দুর্ঘটনার সময় ওই ভবন লাগোয়া রাস্তা দিয়ে যাচ্ছিলেন। 

সোমবার সকাল ৯টার দিকে কেরাণীগঞ্জের কাইটাইল এলাকায় একটি চারতলা ভবনের নিচ তলায় উমা চক্রবর্তীর বাসায় এ দুর্ঘটনা ঘটে। 

উমা চক্রবর্তী (৭৫), তার মেয়ে বীনা রানী (৫০), দেবা চক্রবর্তী (৩৫), নাতি পিনাট চক্রবর্তীকে (১৪) দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

এ হাসপাতালের চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, “এখানে থাকা দগ্ধদের অবস্থাই আশঙ্কাজনক। সবার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।“ 

উমার পুত্রবধূ দগ্ধ লিপি চক্রবর্তী (২৬) ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।  

চিকিৎসক তরিকুল ইসলাম জানিয়েছেন বয়স্কা উমা চক্রবর্তীর শরীরের ৯৫ এবং বীনার ৮৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়া পিনাটের ২৪ শতাংশ এবং দেবার ১৭ শতাংশ দগ্ধ হয়েছে।  

উমার ছেলে সঞ্জয় চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে রান্নাঘরের চুলা জ্বালানো হলে বিস্ফোরণ হয়। ওই সময় বাসায় থাকা সবাই দগ্ধ হন। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।“ 

একই বিস্ফোরণে ঘরের দেয়াল ভেঙে যায়। সেই দেলায় গায়ে পড়ে আহত পথচারী তাপস (২৭) ও ঝাল মুড়ি বিক্রেতা পরান (৬৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।