২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ ৩

আহতদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়৷

জ্যেষ্ঠ প্রতিবেদক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2025, 12:16 PM

Updated : 26 Aug 2026, 12:20 PM

নারায়ণগঞ্জ সদরে ঘরে জমে থাকা গ্যাসের আগুনে তিনজন দগ্ধ হয়েছে। 

রোববার রাত সাড়ে ৩টার দিকে পশ্চিম তল্লা এলাকায় সেমিপাকা এক টিনশেড ঘরে এ ঘটনা ঘটে৷

দগ্ধ রুনা আক্তার কমলা (৪০), তার স্বামী দিনমজুর হারুনুর রশীদ (৫০) এবং তাদের মেয়ে কলেজ শিক্ষার্থী মীম আক্তার (১৭) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন৷ 

সেখানকার আবাসিক সার্জন শাওন বিন রহমান  বলেন, কমলা বেগমের শরীরের ৬২ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তার স্বামী ও কন্যার শরীরের ১ শতাংশ পুড়েছে। তারাও পর্যবেক্ষণে আছেন৷

আহত কমলা বেগম ভোরে সেহেরির খাবার গরম করতে গিয়ে ওই ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রতিবেশী নুপুর আক্তার৷

তিনি বলেন, “কমলা বেগমের শরীরের আগুন নেভাতে গিয়ে বাকি দুজনও সামান্য দগ্ধ হন৷ পরে আমরা আশেপাশের লোকজন মিলে আগুন নেভাই এবং পরে তাদের হাসপাতালে পাঠাই।”

আহতদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়৷ তারা ওই সেমিপাকা টিনশেড ঘরে ভাড়া থাকতেন।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিসের একটি দল৷

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “রান্নাঘরের দরজা-জানালা বন্ধ ছিল৷ সেখানে থাকা একটি গ্যাস সিলিন্ডারের লাইন থেকে লিকেজ হয়েছে, যা থেকে গ্যাস রান্নাঘরে জমা ছিল৷ ভোরে সেহরির সময় খাবার গরম করার জন্য বিদ্যুৎ বাতি জ্বালাতে গেলে স্পার্ক থেকে আগুনের ঘটনা ঘটে৷”