২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইইউবিতে চালু হল কোরিয়ান ভাষা ও সংস্কৃতি কেন্দ্র

দক্ষিণ কোরিয়ার অর্থায়নে ‘উইন্ডো অন কোরিয়া’ এবং ‘কিং সেজং ইনস্টিটিউট’ চালু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2022, 11:09 PM

Updated : 27 Oct 2022, 11:09 PM

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) দক্ষিণ কোরিয়ার ভাষা ও সংস্কৃতি বিকাশ কেন্দ্র ‘উইন্ডো অন কোরিয়া’ এবং ‘কিং সেজং ইনস্টিটিউট’ চালু করা হয়েছে।

এই দুটি কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীরা কোরিয়ান ভাষা ও সংস্কৃতি শেখার সুযোগ পাবেন। ‘উইন্ডো অন কোরিয়া’ এবং ‘কিং সেজং ইনস্টিটিউট’ আইইউবির শিক্ষার্থীদের পাশাপাশি সর্বসাধারণের জন্যও উন্মুক্ত থাকবে।

বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আইইউবির নিজস্ব ক্যাম্পাসে এই দুই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, “পাঁচ দশক ধরে কোরিয়া বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে তারা অবদান রাখছে।

“আজকে যে দুটি কেন্দ্রের উদ্বোধন করা হল, সেগুলো কোরিয়ান সংস্কৃতি ও ভাষার গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করি। আমাদের তরুণরা কোরিয়ান ভাষায় দক্ষ হয়ে উঠতে পারবেন এবং সংস্কৃতিও শিখতে সহায়তা করবে এই কেন্দ্র দুটি।”

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “আপনারা জ্ঞান অর্জন করছেন, দক্ষ হবেন, যোগ্য হবেন। দেশকে ভালবাসবেন যেমন করে মাকে ভালবাসেন। মনে রাখবেন, আমরা বিজয়ী জাতি। সততা, সহমর্মিতা, পরমত সহিষ্ণুতা নিয়ে আপনারা এগিয়ে যাবেন, জয় নিশ্চয়ই আসবে।”

ফেব্রুয়ারিতে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে দক্ষিণ কোরিয়া সরকারের ‘উইন্ডো অন কোরিয়া’ অনুদান পায় আইইউবি। এর অধীনে আইইউবি লাইব্রেরিতে একটি ‘উইন্ডো অন কোরিয়া কর্নার’ স্থাপন করা হয়, যেখানে কোরিয়ার ভাষা ও সংস্কৃতি বিষয়ক প্রকাশনা ও অডিওভিজুয়ালের বিশাল সংগ্রহ তৈরি করা হয়েছে।

অগাস্টে আইইউবিকে ‘কিং সেজং ইনস্টিটিউট’ স্থাপনের জন্য প্রয়োজনীয় সনদ হস্তান্তর করে কিং সেজং ইনস্টিটিউট ফাউন্ডেশন। ইনস্টিটিউটে সরাসরি কোরীয় ভাষাভাষীদের কাছ থেকে ভাষা শেখার সুযোগ থাকছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন, আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, আইইউবির উপাচার্য তানভীর হাসান প্রমুখ।