১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

পেশাজীবীসহ বিভিন্ন সংগঠনের চলমান আন্দোলনে প্রায়ই সচিবালয় ঘেরাও বা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মিছিলের মত কর্মসূচি থাকছে।

যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
জাতীয়করণের প্রক্রিয়া থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বুধবার পদযাত্রা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় লাঠিপেটা করে এবং জলকামান ব্যবহার করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2025, 12:53 PM

Updated : 26 Aug 2026, 12:01 PM

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। সেখানে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

পেশাজীবীসহ বিভিন্ন সংগঠনের চলমান আন্দোলন কর্মসূচির মধ্যে প্রায়ই সচিবালয় ঘেরাও বা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মিছিলের মত কর্মসূচি থাকছে। আন্দোলনকারীদের থামাতে গিয়ে লাঠিপেটার পাশাপাশি জলকামান ব্যবহার করতে দেখা যাচ্ছে পুলিশকে। 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, “জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে অদ্য ১৩ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হল।”

নির্ধারিত এলাকার মধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টো রোড রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেখ হাসিনা সরকার পতনের পর বিভিন্ন দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, সচিবালয় ও আশেপাশে এলাকা ঘিরে সভা সমাবেশ মিছিল হওয়ায় গত বছর ২৬ অগাস্ট তৎকালীন পুলিশ কমিশনার মাইনুল হাসানও একই ধরনের গণ বিজ্ঞপ্তি জারি করেছিলেন।

পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে সে সময় ঘোষণা করা হলেও সেটি তুলে নেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে কোনো গণবিজ্ঞপ্তি আসেনি।