২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজে বয়সের বাধা কাটল

সৌদি সরকার সর্বনিম্ন বয়সের সীমা তুলে দিয়েছে।

হজে বয়সের বাধা কাটল
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2023, 09:44 PM

Updated : 20 Mar 2023, 09:44 PM

এ বছর হজে যেতে সর্বনিম্ন বয়স ১২ বছর হওয়ার যে শর্ত ছিল, তা তুলে নিয়েছে সৌদি সরকার।

সোমবার সোদি আরব সরকারের নতুন ঘোষণার তথ্য এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এতে বলা হয়, নতুন ঘোষণা অনুযায়ী এবার হজযাত্রীদের নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই।

এর ফলে ১২ বছরের নিচের বয়সীরাও হজ পালন করতে পারবে।

এমন সময় এ শর্ত তুলে নেওয়ার কথা জানানো হল যখন কয়েক দফা সময় বাড়িয়ে বাংলাদেশে হজযাত্রীদের কোটা পূরণ হচ্ছে না। মঙ্গলবার নিবন্ধনের সময় শেষ হবে।

এর আগে ২০ ফেব্রুয়ারি এবার হজ পালনে সৌদি আরবের দেওয়া চারটি শর্তের কথা জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয়।

শর্তগুলোর মধ্যে ছিল কোভিড-১৯, মেনিনজাইটিস ও সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হবে। আগে যারা হজ করেননি এবার তাদের অগ্রাধিকার দেওয়া হবে। হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ১২ বছর। হজযাত্রীর কোনো বড় দীর্ঘস্থায়ী রোগ থাকা যাবে না।

চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে।

পুরনো খবর:

কোটা পূরণ না হওয়ায় হজ নিবন্ধনে ফের সময় বাড়ল
হজযাত্রায় ভাড়া আর কমানো সম্ভব নয়: বিমান এমডি

সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার আর বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন।

সোমবার সন্ধ্যা পর্যন্ত মোট এক লাখ ১২ হাজার ৬৬৪ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। এরমধ্যে সরকারিভাবে ৯ হাজার ৭৪৯ জন ও বেসরকারিভাবে এক লাখ ২ হাজার ৯১৫ জন।