১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ-সৌদি হজ চুক্তি সই, কোটা বাড়ল ৫ হাজার

সোমবার জেদ্দায় সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি স্বাক্ষরিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 03:00 PM

Updated : 10 Nov 2026, 03:00 PM

বাংলাদেশিদের জন্য এবার হজের কোট পাঁচ হাজার বাড়িয়েছে সৌদি আরব; সব মিলিয়ে ৮৩ হাজার ৫০০ জন বাংলাদেশি ২০২৭ সালের হজের জন্য সৌদি আরবে যাওয়ার সুযোগ পাবেন।

ধর্ম মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার জেদ্দায় সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে সে দেশের হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

চুক্তি সম্পাদন শেষে ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার কোটা বাড়িয়েছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করেন। আগামী বছরেও বাংলাদেশের জন্য একই সংখ্যক কোটা রেখেছিল সৌদি আরব।

ধর্মমন্ত্রী বলেন, “হজ কোটা নির্ধারণের ক্ষেত্রে সৌদি আরবের মিনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি আলোচনায় উঠে আসে।

“তবে এই সীমাবদ্ধতা সত্ত্বেও সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী আশ্বস্ত করেছেন যে, অন্য কোনো দেশ যদি তাদের নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারে, কিংবা কোনো দেশের কোটা বাতিল হয়, তবে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে কোট বরাদ্দ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।”

মন্ত্রী বলেন, “সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী অত্যন্ত স্পষ্ট ভাষায় প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, তোমাদের (বাংলাদেশের) জন্য যা করার দরকার আমরা করব।”

হজের কোটা বাড়ানো ও সার্বিক সহায়তার জন্য হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ, বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে ধন্যবাদ জানান ধর্মমন্ত্রী।