২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় সচিব পদে রদবদল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ, ভূমি আপিল বোর্ড, পিপিপি কর্তৃপক্ষ ও পিএসসিতে সচিব পদে এসেছে নতুন মুখ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2024, 09:59 PM

Updated : 26 Aug 2026, 09:45 AM

ছয় মন্ত্রণালয়-বিভাগে সচিব পদে রদবদল এনেছে সরকার। সেই সঙ্গে একজনকে সিনিয়র সচিব ও আরেকজনকে সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। 

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় আলাদা তিনটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ জারি করে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মশিউর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগে; ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিমকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব); সুরক্ষাসেবা বিভাগের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে।

ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ কে এম শামিমুল হক সিদ্দিকীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. মুশফিকুর রহমানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব করা হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনকে সিনিয়র সচিব করা হয়েছে।‌ এ পদোন্নতির আদেশ ১২ জুন থেকে কার্যকর হবে।

আরেকটি প্রজ্ঞাপনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) করা হয়েছে।

জাহাংগীর জননিরাপত্তা সচিব, বিমানের আজিম ইসিতে