Published : 22 Oct 2023, 09:44 AM
ঢাকার মোহাম্মদপুরের বছিলায় গণছিনতাইয়ের ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের বয়স ১৯ থেকে ২৩ বছরের মধ্যে। তিন দিন আগে শুক্রবার সন্ধ্যার পরপরই ১০ থেকে ১২ জন কিশোর ও তরুণদের একটি দল ওই এলাকার ফিউচার হাউজিং মসজিদের সামনে চাপাতি, চাকু, রড নিয়ে গণছিনতাই করে, যা সেখানে আলোচনা তৈরি করে।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) তোফাজ্জল হোসেন জানান, ওই দিনের ঘটনায় দায়ের করা মামলায় রোববার নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ সংগ্রহ করে ১০ জনকে শনাক্তের পর তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- লেগুনা ও অটোরিক্সা চালক মো. আকাশ (১৯), মোঃ আরিফ (১৯) ও মো. সুজন (২০), ভ্যান চালক সজল ইসলাম (১৯), বাসের হেলপার আবু কালাম (২১), গার্মেন্টস শ্রমিক মোঃ সজীব (১৯), গাড়ির রং মিস্ত্রী মো. কবির (২৩), রাজমিস্ত্রী মো. নাসির (১৯) ও ফুটপাতে গেঞ্জি বিক্রেতা মো. নয়ন (২০)।
পরিদর্শক তোফাজ্জল বলেন, ওই দিন দলটি প্রথমে ফিউচার হাউজিং মসজিদের সামনে সেলিম নামের একজনের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে তুরাগ নদীর তীরে ওয়াকওয়ের দিকের স্মার্ট ব্যাম্বু রেস্টুরেন্টের সামনে ফাহিম ইমরান নামের আরেকজনকে মারধর করে আইফোন ছিনিয়ে নেয়।
এরপর হান্ড্রেড মাইল রেস্টুরেন্টের সামনে নুসরাত ও রুহুল আমিন নামে দু'জনকে মারধর করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এভাবে তারা একই পথ ধরে বসিলা ৪০ ফিট যাওয়ার পথে আরও কয়েকজনকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় বলে জানান তিনি।
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)