১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ফেইসবুকে চাকু-পিস্তল হাতে ভিডিও, ‘সুইট গ্রুপের’ প্রধান গ্রেপ্তার

তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার ও নিবন্ধনহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Oct 2026, 08:42 PM

Updated : 12 Oct 2026, 08:42 PM

বগুড়ায় হাতে বার্মিজ চাকু নিয়ে ও পিস্তলের ছবি দিয়ে ফেইসবুকে ভিডিও পোস্ট করে আতঙ্ক ছড়ানোর অভিযোগে ‘সুইট গ্রুপের’ প্রধানসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি।

সোমবার দুপুরে এ তথ্য জানান বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

গ্রেপ্তাররা হলেন- ‘সুইট গ্রুপের’ প্রধান এরিন আহম্মেদ সুইট (১৯) ও তার সহযোগী মিরাজুল ইসলাম (১৯)। তাদের দুজনের বাড়ি শাজাহানপুর উপজেলায়।

আতোয়ার রহমান বলেন, সুইটের হাতে বার্মিজ চাকু নিয়ে একটি ভিডিও ফেইসবুকে প্রকাশ করা হলে তা ছড়িয়ে পড়ে। এ ছাড়া পিস্তলের ছবি ব্যবহার করে আরেকটি ভিডিও পোস্ট করা হয়। এসব ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

তিনি বলেন, ভিডিওগুলো পুলিশের নজরে আসার পর পুলিশ সুপারের নির্দেশে ডিবি অভিযান চালায়। রোববার বিকালে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোর্ট মধ্যপাড়া এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ছয় দশমিক সাত ইঞ্চি দৈর্ঘ্যের একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। ভাঁজ করা অবস্থায় চাকুটির দৈর্ঘ্য চার দশমিক এক ইঞ্চি। এ ছাড়া ১৫০ সিসির একটি নিবন্ধনহীন পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

আতোয়ার রহমান বলেন, এ ঘটনায় ডিবি শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা করে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।