২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দহগ্রাম-আঙ্গরপোতায় উল্লাস

হাসিনা-মনমোহন শীর্ষ বৈঠকে তিনবিঘা করিডোর ২৪ ঘণ্টা খোলা রাখার ঘোষণা দেওয়ায় মিষ্টি বিতরণ আর মিছিল করে আনন্দ প্রকাশ করেছে দহগ্রাম ও আঙ্গরপোতাবাসী। জানাচ্ছেন আনিছুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2011, 05:34 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম লালমনিরহাট, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে তিনবিঘা করিডোর ২৪ ঘণ্টা খোলা রাখার ঘোষণা আসার পর দহগ্রাম ও আঙ্গরপোতাবাসী এখন উল্লাসে মাতোয়ারা। লালমনিরহাটের দহগ্রামের মুক্তিযোদ্ধা উমের আলী (৮৫) বুধবার নিজের অনুভূতি জানিয়ে বলেন, "ভারত দহগ্রাম দখল করে নেওয়ার জন্য আমাদের ওপর হামলা করেছিল, আমরা প্রতিরোধ করেছি। এখন তিন বিঘা করিডোর ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় আমরা খুব খুশি। এখন আমরা স্বাধীন, এতোদিন স্বাধীন ছিলাম না।" কথা বলতে বলতে বৃদ্ধের কণ্ঠ জড়িয়ে আসে আবেগে। এই মুক্তিযোদ্ধা বলেন, "মনে হচ্ছে, মুক্তির স্বাদ পাচ্ছি।" মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি চুক্তি এবং ১৯৭৪ সালের স্থলসীমা চুক্তি বাস্তবায়নে একটি প্রটোকল স্বাক্ষরিত হওয়ার পর দুই প্রধানমন্ত্রী যৌথ বিবৃতিতে বলেন, বাংলাদেশের দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহলে যাতায়াতের এক মাত্র পথটি দিনরাত খোলা রাখা হবে। এর আগ পর্যন্ত করিডোরটি সকাল থেকে সন্ধ্যা খোলা থাকতো। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, এই প্রটোকলের মাধ্যমে দুই দেশের অচিহ্নিত সীমানা, অপদখলীয় ভূমি এবং ছিটমহল সমস্যার সমাধান সম্ভব হবে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "আমি ঘোষণা দিতে চাই, এখন থেকে আমাদের দেশের জনগণ তিন বিঘা করিডোর দিয়ে দহগ্রাম ও আঙ্গরপোতায় ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন চলাফেরা করতে পারবে।" বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা পরিবারের সদস্য নিয়ে জমায়েত হন দহগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে। মাইকিং করে অন্যদেরও সেখানে জমায়েত হওয়ার আহ্বান জানানো হয়। পরে সেখান থেকে তারা আনন্দ মিছিল নিয়ে দহগ্রাম ও আঙ্গরপোতার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এদিন মেতে ওঠে উল্লাসে। চলে মিষ্টি বিতরণ। শতকণ্ঠে স্লোগান ওঠে, 'স্বাধীন স্বাধীন স্বাধীন হলো, দহগ্রাম স্বাধীন হলো', 'থাকলো না আর গেটের চাবি, স্বাধীন হল দহগ্রামবাসী'। দহগ্রাম ও আঙ্গরপোতা কাগজে-কলমে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অধীন, কিন্তু মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। এ দুটি ছিটমহলে যেতে হয় তিন বিঘার একটি সরু পথের ওপর দিয়ে, যাতে সব সময় থাকে ভারতের নিরাপত্তা রক্ষীদের পাহারা। ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহলে যাওয়ার পথ হিসেবে তিন বিঘা করিডোর পায় বাংলাদেশ, তবে এর নিয়ন্ত্রণ থেকে যায় ভারতের হাতে। যদিও এ জন্য আড়াই একরের দক্ষিণ বেরুবাড়ি এলাকাটি ছেড়ে দেওয়া হয় ভারতকে। ছিটমহলবাসী দীর্ঘদিন ধরে ২৪ ঘণ্টা মূল ভূখণ্ডে যাতায়াতের সুযোগ চেয়ে আসছিলো। মনমোহন সিংয়ের এ সফর নিয়ে আশায় বুকও বেঁধেছিলো তারা। মিছিলে আসা শিক্ষার্থী জুয়েল হোসেন, খাইরুল ইসলাম, সুমি আক্তার বলেন, "আমরা ভারতের হাতে বন্দি ছিলাম, এখন মুক্ত হলাম। আমাদের লেখাপড়া, চিকিৎসায় সুবিধা হলো।" দহগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বলেন, ১৯৭৪ সালের 'ইন্দিরা-মুজিব' চুক্তির মতোই যেন তিনবিঘা করিডোর ফটক ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্তের বিষয়টি ঝুলে না থাকে। দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন বলেন, তিনবিঘা করিডোর ২৪ ঘণ্টা খোলা রাখার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দহগ্রামবাসীকে যে ওয়াদা দিয়েছিলেন। তিনি তা রক্ষা করেছেন। দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, তিনবিঘা করিডোর ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্তকে দহগ্রামবাসী স্বাগত জানিয়েছে। তবে করিডোর গেট কবে থেকে ২৪ ঘণ্টা খোলা রাখা হবে তা স্পষ্ট করে জানানো প্রয়োজন। বাংলাদেশের ভেতরে ১১১টি ভারতীয় ছিটমহল এবং ভারতের ভেতরে বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে। নতুন করা প্রটোকলের মাধ্যমে ১৯৭৪ সালের চুক্তির আওতায় এসব ছিটমহল বিনিময় করবে দুই দেশ। এছাড়া দুই দেশের মধ্যে সাড়ে ৬ কিলোমিটার অচিহ্নিত সীমানা এবং অপদখলীয় ভূমি সমস্যারও সমাধান করা হবে এর মাধ্যমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এসইউ/২২০৪ ঘ.