ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং আর্জেটিনা-নাইজেরিয়া ফুটবল দলের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ গোয়েন্দা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে এ কথা বলেন তিনি।
দুদিনের সফরে আগামী মঙ্গলবার ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। তার সঙ্গে ভারতের পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীরও আসার কথা রয়েছে। এছাড়া নাইজেরিয়ার বিপক্ষে প্রদর্শনী ম্যাচ খেলতে আর্জেন্টিনা ফুটবল দল ঢাকায় আসছে ৫ সেপ্টেম্বর।
সাহারা খাতুন বলেন, "নিরাপত্তা বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে। সফরকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব সময় মনিটরিং করা হবে।"
এবার ঈদ গত ১০ বছরেরর তুলনায় ভাল হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ইন্ডিয়ান এক্সপ্রেসে সংবাদ ছাপা হয়েছে- বাংলাদেশে গত ১০ বছরের মধ্যে এবার ঈদ সুষ্ঠভাবে হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশে জরুরি ভিত্তিতে রাস্তাঘাট মেরামত করায় ঈদে ঘরমুখী যাত্রীদের কোন সমস্যা হয়নি বলেও দাবি করেন সাহারা।
"মানুষজন স্বাচ্ছন্দ্যে বাড়ি গিয়েছেন এবং ফেরত আসছেন। ঈদের সময় কোন সড়কে যানজট ছিল না," যোগ করেন মন্ত্রী।
ঈদ বাজারে চাঁদাবাজির কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং চাঁদাবাজি হয়নি বলেও দাবি করেন তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, এবার ঈদ অনেক ভাল হয়েছে এবং লোকজন স্বাচ্ছন্দ্যে বাড়ি গিয়ে ঈদ করেছে।
স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার বলেন, মনমোহন সিং এবং আর্জেটিনা ও নাইজেরিয়া দলের সফরের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
প্রীতি ম্যাচের নিরাপত্তা
এদিকে রোববার সকাল সাড়ে ১১টায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ এক সংবাদ সম্মেলনে মনমোহন সিংয়ের সফর এবং আর্জেটিনা ও নাইজেরিয়া দলের প্রীতি ম্যাচের খেলার সার্বিক বিষয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানান।
অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করবে জানিয়ে বেনজির আহমেদ জানান, "স¤প্রতি শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপের নিরাপত্তার বিষয়টি এর একটি সফল উদাহরণ।"
এছাড়া আর্জেটিনা বনাম নাইজেরিয়া প্রীতি ম্যাচের সময় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে স্টেডিয়ামের আশেপাশে টিকেট বিক্রি না করা, টিকিট ছাড়া স্টেডিয়াম এলাকায় ঘোরাঘুরি না করা, খেলোয়াড়দের কাছ থেকে অটোগ্রাফ নেওয়ার চেষ্টা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন পুলিশ কমিশনার।
তিনি বলেন, "ঢাকা মহানগর পুলিশের উদ্যোগে বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকাসহ ১২টি স্থানে বড় পর্দায় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার খেলা সরাসরি দেখানো হবে।"
এদিকে রোববার দুপুর ১টার দিকে র্যাব এবং বিকাল ৪টার দিকে ঢাকা মহানগর পুলিশ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিরাপত্তা মহড়া দেয়।
দেশের বড়বড় অনুষ্ঠানের নিরাপত্তা দিয়ে র্যাব অভ্যস্ত- এমন দাবি করে এ সংস্থার মহাপারিচালক মোখলেছুর রহমান মহড়ার পর সাংবাদিকদের বলেন, "খেলা এবং ভারতের প্রধানমন্ত্রীর সফর- এই দুই ইভেন্টে সামনে রেখে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।"
এ সময় র্যাবের প্রায় আড়াই হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে বলে তিনি জানান।
পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে র্যাব কাজ করছে বলে মহাপরিচালক মোখলেছুর রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেটি/জেকে/১৮৪২ ঘ.
bdnews24