১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৩ এপ্রিলও সাধারণ ছুটি, ঈদ ঘিরে নয় দিনের অবকাশ

ঈদুল ফিতর উপলক্ষে সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারের এই সিদ্ধান্ত।

৩ এপ্রিলও সাধারণ ছুটি, ঈদ ঘিরে নয় দিনের অবকাশ
ট্রেনে ঈদযাত্রা, ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2025, 05:40 PM

Updated : 10 Sep 2026, 12:36 PM

সরকার নির্বাহী আদেশে আরো এক দিক ছুটি ঘোষণা করায় এবারের রোজার ঈদ ঘিরে টানা ৯ দিনের অবকাশ মিলে গেছে সরকারি চাকরিজীবীদের। 

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, ঈদুল ফিতর উপলক্ষে সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার নির্বাহী আদেশে ৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে। 

বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে বলে জানান তিনি। 

আগামী ৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতর ধরে আগেই ছুটি ঘোষণা করেছিল সরকার। এর আগে-পরে (২৯ ও ৩০ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) চার দিন ছুটি দেওয়া হয়েছিল নির্বাহী আদেশে।

ঈদের ছুটি শুরুর আগে ২৮ মার্চ পড়েছে শুক্রবার। শবে কদরেরও ছুটিও সেদিন।

ছুটি শেষে অফিস খোলার কথা ছিল ৩ এপ্রিল (বৃহস্পতিবার)। সেদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা হল।  

তার পরের দুই দিন আবার সাপ্তাহিক ছুটি। সে হিসাবে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিনের ছুটিতে থাকবেন সরকারি চাকরিজীবীরা। ছুটি শেষে অফিস খুলবে আগামী ৬ এপ্রিল (রোববার)। 

নয় দিনের এই ছুটি আরো একটু বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে। ঈদের ছুটি শুরুর আগে সরকারি চাকরিজীবীদের শেষ অফিস ২৭ মার্চ (বৃহস্পতিবার)। তার আগের দিন আবার ২৬ মার্চের ছুটি।

ফলে কেউ যদি ঈদের আগের বৃহস্পতিবার ছুটি নিতে পারেন, টানা ১১ দিন ছুটি উপভোগ করার সুযোগ মিলে যাবে তার। 

ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। নিলে পুরোটাই ছুটি হিসেবে গণ্য হয়ে যাবে। অবশ্য অর্জিত ছুটি নেওয়ার সুযোগ আছে।

পুরনো খবর

ঈদে ছুটি ১১ দিনও সম্ভব