২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রভাবশালীদের স্বার্থ রক্ষাই কি এখন ‘জনস্বার্থ’, প্রশ্ন টিআইবির

নদী রক্ষা কমিশনের সদ্য সাবেক চেয়ারম্যানের ‘সাহসী’ অবস্থানের কারণে মানুষ কিছুটা আশাবাদী হয়েছিল বলে মনে করছে সংস্থাটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2023, 05:51 PM

Updated : 20 Oct 2023, 05:51 PM

দায়িত্বপালনের মাঝপথে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরীকে অপসারণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।

তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে শুক্রবার টিআইবির এক বিবৃতিতে বলা হয়, মঞ্জুরকে অপসারণের ঘটনা নদী রক্ষায় সরকারের অঙ্গীকারের সঙ্গে ‘সাংঘর্ষিক’।

কমিশনের চেয়ারম্যানকে অপসারণের ক্ষমতা সরকারের হাতে থাকলেও, সেই ক্ষমতা এমনভাবে ব্যবহার করে সরকার কী বার্তা দিতে চাইছে, সেই প্রশ্ন রেখে উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি।

‘জনস্বার্থের’ কথা বলে বুধবার নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার।

সেদিন তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জলদস্যু, ভূমিদস্যু, বালুখেকো, দখলদার, দূষণকারীর বিজয় হয়েছে।”

অবৈধভাবে বালু উত্তোলন ও নদী দখলের পেছনে ‘একজন নারী মন্ত্রীর ভূমিকা’ রয়েছে বলে বক্তব্য করার ২৪ দিনের মাথায় তার নিয়োগ বাতিল করা হয়।

‘জনস্বার্থে’ তার চুক্তি বাতিল করার কথা সংবাদমাধ্যমে দেখেছেন জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “তাহলে কী প্রভাবশালীদের স্বার্থরক্ষাকে এখন ‘জনস্বার্থ’ বিবেচনা করা হচ্ছে?”

ওই বার্তার প্রভাব সুদূরপ্রসারী মন্তব্য করে ইফতেখারুজ্জামান বলেন, “বিশ্বের দেশে দেশে এখন নদীকে ‘জীবন্ত-সত্তা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। আমাদের উচ্চ আদালতের রায়েও তার স্বীকৃতি আছে।

“অথচ আমাদের উল্টো পথে হাঁটা থামেনি। এখন আমরা শুধু নদী হত্যাকারীদের দায়মুক্তি দিয়েই ক্ষান্ত হচ্ছি না; বরং তাদের যেন দুর্নাম না হয়, কেউ যেন তাদের দিকে আঙ্গুল না তোলে, সেই ব্যবস্থা করছি।”

সরকারপ্রধান বারবার আইনের শাসন প্রতিষ্ঠার যে অঙ্গীকার করে আসছেন, তা কেবল রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না- এমন আশাবাদও প্রকাশ করা হয় বিবৃতিতে।

“সরকারের প্রতি আহ্বান জানাই যেন, তারা এই আত্মঘাতী সিদ্ধান্ত ফিরিয়ে নেন। যারা নদী দখল করছে, অবৈধভাবে বালু তুলে স্থাপনা তৈরি করে নদী হত্যা করছে, যারা দূষণ করছে, তাদের বিরুদ্ধে সুস্পষ্ট যে অভিযোগ উঠেছে, তার তদন্ত করুন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। প্রভাবশালী পদধারীদের সুরক্ষা দেওয়া নয়, দেশ ও দশের স্বার্থরক্ষা করাই আপনাদের দায়িত্ব।”

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “বাংলাদেশের একটি সংবিধিবদ্ধ সংস্থা হলেও, জাতীয় নদী রক্ষা কমিশনকে কার্যত অকার্যকর করে রাখা হয়েছে আইন দিয়েই। কমিশন কেবল সরকারকে পরামর্শ দিতে পারে।

“দখলদার আর দূষণকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তাদের নেই। কমিশনের প্রতিবেদন বা পরামর্শ মানার বাধ্যবাধকতাও নেই। অথচ এই ভূখণ্ডের চরিত্র, দেশের মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে এই কমিশনকে শক্তিশালী করার বিকল্প নেই।”

পুরনো খবর:

নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের নিয়োগ বাতিল, মঞ্জুর বললেন, ‘ওদের বিজয়’

এতসব ‘নেই’ এর মাঝে কমিশনের সদ্য সাবেক চেয়ারম্যানের ‘সাহসী’ অবস্থানের কারণে মানুষ কিছুটা আশাবাদী হওয়ার সুযোগ পেয়েছিল বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক।

তিনি বলেন, “নদী কারা দখল করছে, ধ্বংস করছে, দুষণ করছে, সেটা অন্তত আমরা জানতে পারছিলাম। একটা জনমত তৈরি হওয়ার আবহ দেখা যাচ্ছিল, বেগবান হচ্ছিল নদী রক্ষার আন্দোলন।”

ইফতেখারুজ্জামান বলেন, “দীর্ঘদিন ধরে অকার্যকর থাকা একটি সংস্থার প্রধান যখন সুস্পষ্টভাবে দোষীদের চিহ্নিত করেন, তখন আশাবাদী হতেই হয়। দেশের মানুষ নতুন করে আশা করেছিল, সরকার কমিশন চেয়ারম্যানের সুস্পষ্ট অভিযোগসমূহ আমলে নেবে।

“তদন্ত হবে, দোষীরা জবাবদিহিতার আওতায় আসবে। বাস্তবে সেটা তো হলই না; বরং সরে যেতে হলো কমিশন প্রধানকেই। সরকার দোষীকে, দোষী বলার ক্ষমতাকেও নিয়ন্ত্রণ করতে চাইছে, এমন আশঙ্কাই জোরদার হল কমিশনের চেয়ারম্যানের নিয়োগ বাতিল করার মধ্য দিয়ে।”