২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের যাত্রীসেবা উন্নত ও নতুন রুট চালু করা হবে: মন্ত্রী

পর্যটন শিল্পে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী ফারুক খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2024, 09:02 PM

Updated : 14 Jan 2024, 09:02 PM

রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীসেবার মান আরও উন্নত করা এবং নতুন-নতুন লাভজনক গন্তব্যে ফ্লাইট চালুর বিষয়ে কাজ করবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

তিনি বলেছেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের এভিয়েশন খাতে অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে। আমার

কাজ হবে আমার অতীতের অভিজ্ঞতার আলোকে এই উন্নয়ন কাজগুলোকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী সেবা ও লাগেজ হ্যান্ডেলিংয়ের মান আরো উন্নত করা এবং নতুন নতুন লাভজনক গন্তব্যে বিমানের রুট চালু করা।”

মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর রোববার দুপুরে প্রথম সচিবালয়ের কার্যালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ফারুক খান।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ফারুক খান বলেন, “ইশতেহারের আলোকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কাজ সামনে এগিয়ে নিয়ে যাওয়া হবে। বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে জনগণের কাছে আমাদের অঙ্গীকারের কথা বলা আছে। আমার প্রথম কাজ হবে এই মন্ত্রণালয়ের কাজের মাধ্যমে তা পূরণ করা।”

পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করে নতুন মন্ত্রী বলেন, “বাংলাদেশ পর্যটনের অপার সম্ভাবনার দেশ। পর্যটনের এই অপার সম্ভাবনাকে কাজে লাগাতে দেশে নতুন নতুন পরিবেশবান্ধ ও আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র তৈরি করার লক্ষ্যে কাজ করব। পর্যটন শিল্পে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।

“এছাড়াও বাংলাদেশের পর্যটন উন্নয়নে বেসরকারি খাতে অনেক কাজ হচ্ছে, তাদের সাথে আলোচনা সাপেক্ষে পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে স্মার্ট বাংলাদেশের সাথে তাল মিলিয়ে একটি স্মার্ট মিনিস্ট্রি হিসেবে গড়ে তোলা হবে।”

এর আগে মন্ত্রী মন্ত্রণালয়ে পৌঁছালে সচিব মো. মোকাম্মেল হোসেনের নেতৃত্বে মন্ত্রণালয়ের অধীন দপ্তরের প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

ফারুক খান এর আগে ২০১১-২০১৩ মেয়াদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।