বিমানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হজ ফ্লাইট নিয়ে আলোচনা
হজ ফ্লাইট সূচি চূড়ান্ত করতে স্লট দ্রুত অনুমোদনের জন্য সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে দেখা করেছেন ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ ইবনে জাফর ইবনে উবাইয়া।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে সাক্ষাতে দুই দেশের মধ্যে বেসামরিক বিমান চলাচলে পারস্পরিক সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয়।
বিমান পরিবহন মন্ত্রণালয়েরেরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে আগামী বছরের হজ ফ্লাইট পরিচালনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে ২০২৭ সালের ২৮ মার্চ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন তিনটি করে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এজন্য প্রয়োজনীয় স্লটের আবেদন ইতোমধ্যে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। হজ ফ্লাইট সূচি দ্রুত চূড়ান্ত করতে ওই স্লটগুলো দ্রুত অনুমোদনের জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।
বাংলাদেশি হজযাত্রীদের ওপর আরোপিত কর ও চার্জ সংক্রান্ত বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির অনুরোধও করেন রশিদুজ্জামান মিল্লাত।
তিনি বলেন, “সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা বাড়াতে দেশটির সিভিল অ্যাভিয়েশন অথরিটির সঙ্গে ইতোমধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অপরদিকে দ্বিপক্ষীয় এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্ট চূড়ান্ত করার বিষয়ে বর্তমানে কাজ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।”
