১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিক্ষার্থী হত্যা মামলায় ফারুক-সাদেক-সৈকত-মানিক রিমান্ডে

ঢাকা মহানগর হাকিম শাহিন রেজা রোববার এই আদেশ দেন।

শিক্ষার্থী হত্যা মামলায় ফারুক-সাদেক-সৈকত-মানিক রিমান্ডে
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2024, 01:13 PM

Updated : 10 Sep 2026, 12:25 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে রাজধানীর ধানমন্ডিতে শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক সামরিক বিমান পরিবহন মন্ত্রী ফারুক খান, সাবেক এমপি সাদেক খান, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর সৈকত ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে ৩ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

ঢাকা মহানগর হাকিম শাহিন রেজা রোববার এই আদেশ দেন।  

সকালে আসামিদের আদালতে তোলা হলে শিক্ষার্থী শামীম হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোসহ ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। 

প্রথমে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়; পরে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর রিমান্ডের শুনানি করেন বিচারক শাহিন রেজা।  

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। 

আর আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। 

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক শাহিন রেজা জামিন নাকচ করে প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

গত ৫ অগাস্টে সরকার পতনের পর বিভিন্ন মামলায় ফারুক, সাদেক, সৈকত ও মানিককে গ্রেপ্তার করা হয়। এর আগেও একাধিক মামলায় এই চারজন বিভিন্ন মেয়াদে রিমান্ডে থেকেছেন।