২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনবিআরের সাবেক কমিশনার ওয়াহিদার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

দেশ ত্যাগে নিষেধাজ্ঞা সংক্রান্ত চিঠি ইতোমধ্যে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপারের (ইমিগ্রেশন) কাছে পাঠানো হয়েছে।

এনবিআরের সাবেক কমিশনার ওয়াহিদার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
মহানগর দায়রা জজ আদালত

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2024, 05:31 PM

Updated : 26 Aug 2026, 09:46 AM

চার মোবাইল অপারেটরের ১৫২ কোটি টাকার ভ্যাট সংক্রান্ত সুদ মওকুফের মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কমিশনার ওয়াহিদা রহমানের বিদেশ যাত্রায় দুই মাসের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন বৃহস্পতিবার এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এদিন শুনানিতে অংশ নেন।

কমিশনের সহকারী পরিচালক মো. শাহ আলম শেখের সই করা দেশ ত্যাগে নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপারের (ইমিগ্রেশন) কাছে পাঠানো হয়েছে।

ওই নোটিশে বলা হয়, “রাষ্ট্রের ১৫২ কোটি টাকা সুদ মওকুফ করে ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে সরকারের আর্থিক ক্ষতিসাধন করে শাস্তিযোগ্য অপরাধ করেন। গত ১১ জুন দুদকের ঢাকা-১ কার্যালয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামি ওয়াহিদা রহমান চৌধুরী দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির বিদেশ গমন রহিত করা আবশ্যক।”

দুদকের সহকারী পরিচালক মো. শাহআলম শেখ মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। 

এজাহারে বলা হয়, “তিনি চারটি মোবাইল অপারেটর কোম্পানির মধ্যে গ্রামীণফোন লিমিটেডের ছয়টি নথিতে ৫৮ কোটি ৬৪ লাখ ৮৮ হাজার ৬৯৭ টাকা, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের সাতটি নথিতে ৫৭ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার ৫১ টাকা, রবি আজিয়াটার ১৪ কোটি ৯৪ লাখ ১৬ হাজার ৬৮৮ টাকা এবং এয়ারটেল বাংলাদেশ লিমিটেডকে ২০ কোটি ৫৩ লাখ ৩০ হাজার ৯৫২ টাকাসহ মোট ১৫২ কোটি ৮৯ হাজার ৩৯০ টাকা অপরিশোধিত সুদ মওকুফ করেন।”

দুদক বলছে, স্থান ও স্থাপনার উপর আইনানুগভাবে ভ্যাট প্রযোজ্য হওয়ায় তা মেনে নিয়ে মোবাইল অপারেটরগুলো দাবিকৃত ভ্যাট পরিশোধের বিষয়ে ‘অলটারনেটিভ ডিসপিউট রেজুলেশন’ (এডিআর) সভায় সম্মত হয়েছিল এবং ১৮৯ কোটি ৭৪ লাখ ১৫ হাজার ৪৩০ টাকা পরিশোধও করেছিল। কিন্তু ওই রাজস্ব নির্ধারিত কর মেয়াদে পরিশোধ না করায় মূসক আইন অনুযায়ী প্রদেয় সুদের পরিমাণ হয় ১৫২ কোটি ৮৯ লাখ ৩৯০ টাকা।

মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ এর ধারা ৩৭(৩) অনুসারে সুদ আদায়ের জন্য নথি উপস্থাপন করা হলে তৎকালীন কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী অতি দ্রুত সুদের হিসাব করার নির্দেশ দেন। তারপর তিনি কিছু যুক্তি প্রদর্শন করে ‘ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে একক নির্বাহী আদেশে অসৎ উদ্দেশে’ সুদ আদায় করার সিদ্ধান্ত পরিবর্তন করেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

এজাহারে আরও বলা হয়, ১৫২ কোটি টাকা সুদ আইনানুগভাবে আদায়যোগ্য ছিল। কিন্তু ওয়াহিদা রহমান চৌধুরী ওই সুদ আদায় না করার একক নির্বাহী সিদ্ধান্ত দিলে সরকারের ১৫২ কোটি ৮৯ হাজার ৩৯০ টাকা আদায় বাধাগ্রস্ত হয়।

ওয়াহিদা রহমানের বিরুদ্ধে দণ্ডবিধির ২১৮/৪০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়।

অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে ওয়াহিদা রহমান চৌধুরী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেসব অভিযোগের প্রেক্ষিতে মামলাটি দায়ের করা হয়েছে সেগুলো এখনো বিচারাধীন। এটা এনবিআরও জানে।”

পুরনো খবর

চার মোবাইল অপারেটরের ১৫২ কোটি টাকার সুদ মওকুফ, মামলা করেছে দুদক