১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাসান আরিফের প্রতি শ্রদ্ধায় বৃহস্পতিবার বন্ধ সুপ্রিম কোর্টের বিচারিক কাজ

গত ২০ ডিসেম্বর মারা যান প্রবীণ এই আইনজীবী; তার বয়স হয়েছিল ৮৩ বছর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2024, 05:42 PM

Updated : 26 Aug 2026, 11:15 AM

সদ্য প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারিক কাজ বন্ধ থাকবে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভুঁইয়া এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তবর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বাংলাদেশের সাবেক অ্যাটর্নি-জেনারেল এ এফ হাসান আরিফের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আগামী ২ জানুয়ারি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

গত ২০ ডিসেম্বর দুপুরে বাসায় অসুস্থ হয়ে পড়লে হাসান আরিফকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

১৯৪১ সালের ১০ জুলাই কলকাতায় হাসান আরিফের জন্ম। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এলএলবি করেন।

১৯৬৭ সালে কলকাতা হাই কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর তিনি সে সময়ের পূর্ব পাকিস্তানে চলে আসেন। ১৯৭০ সালে ঢাকা হাই কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এ আইনজীবী ছিলেন ‘এএফ হাসান আরিফ অ্যান্ড অ্যাসোসিয়েটস’ চেম্বারের প্রধান।

হুসেইন মুহম্মদ এরশাদের আমলে ১৯৮২ সালের এপ্রিল থেকে ১৯৮৫ সালের অগাস্ট পর্যন্ত তিনি সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন।

পরে ১৯৮৫ সালের অগাস্ট থেকে ১৯৯৬ সালের মার্চ পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং বিএনপি জামায়াত-জোট সরকারের আমলে ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন।

হাসান আরিফ ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের একজন প্যানেল সদস্য ছিলেন তিনি।

২৩ ডিসেম্বর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন এ এফ হাসান আরিফ। তার স্মরণে সেদিন রাষ্ট্রীয় শোক পালন করে বাংলাদেশ।

পুরনো খবর:

উপদেষ্টা এএফ হাসান আরিফ আর নেই

বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হলেন উপদেষ্টা হাসান আরিফ