১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উপজেলা নির্বাচন: চতুর্থ ধাপে শান্তিপূর্ণ ভোট শেষে গণনা

এই ধাপে ভোটের হার অন্তত ৩৫ শতাংশ হবে বলে আশা করছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 04:26 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

বড় কোনো গোলযোগ ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হল উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ।

দেশের ৬০ উপজেলার পাঁচ সহস্রাধিক ভোটকেন্দ্রে বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে।

এ ধাপে ছয়টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হয়। আগের তিনটি ধাপের মতই তুলনামুলক কম ভোটার উপস্থিতিতে ভোটগ্রহণ চলে। ভোট শেষে কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় গণনা।

নতুন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন। শান্তিপূর্ণ ভোট হওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেন। 

তিনি বলেন, বেলা ১২টা পর্যন্ত প্রথম চার ঘণ্টায় ১৭.৩১ শতাংশ ভোট পড়েছে বলে তারা ধারণা পেয়েছেন। বিকাল ৪টা পর্যন্ত ভোটের হার অন্তত ৩৫ শতাংশ হবে বলে তারা আশা করছেন। 

কোথাও বড় ধরনের কোনো অনিয়ম, গোলযোগের তথ্য পায়নি ইসির কেন্দ্রীয় মনিটরিং সেল। তবে ভোটের সময় অনিয়মের চেষ্টা করায় চারজনকে আটক করা হয়েছে এবং তিনজনকে জরিমানা করা হয়েছে।

ষষ্ঠ উপজেলা ভোটে দেশের মোট ৪৯৫ উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী সাড়ে চারশ উপজেলায় চার ধাপে ভোট হল এবার। পরে মেয়াদোত্তীর্ণ হলে বাকিগুলোয় ভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন।

•    প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট হয় ৮ মে। এসব উপজেলায় গড়ে প্রায় ৩৬ শতাংশ ভোট পড়ে।

•    ২১ মে দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট হয়, তাতে ভোটের হার ছিল ৩৮ শতাংশ।

•    তৃতীয় ধাপে ২৯ মে ৯০ উপজেলায় ভোট হয়। ভোট পড়ে ৩৬ শতাংশ।

 এ ধাপে তিন পদে মোট ৭২১ জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইসি এই ধাপে সাত জনের প্রার্থিতা বাতিল করলেও আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন পাঁচ জন।

বিভিন্ন নির্বাচনি অনিয়মের কারণে একজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী ও একজন সংসদ সদস্যকে তলব করেছে এবং অনেক প্রার্থীকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

চেয়ারম্যান পদে ১ জন, ভাইস চেয়ারম্যান ৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১ জন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এক নজরে চতুর্থ ধাপের ভোট

•    ভোট: ৬০ উপজেলায়

•    কেন্দ্র: ৫ হাজার ১৪৪টি

•    ভোটকক্ষ: ৪০ সহস্রাধিক।

•    ভোটার: ১ কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৮২০ জন

•    ৬ উপজেলায় ইভিএমে, বাকিগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ

ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার উপজেলা ভোটের চতুর্থ ও শেষ ধাপ হলেও ঘূর্ণিঝড় রেমালে স্থগিত ২০ উপজেলার নির্বাচন রয়েছে ৯ জুন।