২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ নেতা হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার মুশফিকুর রহমান ফাহিম যাত্রাবাড়ী থানা যুবদলের সহসভাপতি।

যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ নেতা হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

প্রতীকী ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 06:33 PM

Updated : 01 Sep 2022, 07:35 PM

ঢাকার যাত্রাবাড়ীতে আওয়ামী লীগের এক নেতাকে ছুরি মেরে হত্যার ঘটনায় যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মুশফিকুর রহমান ফাহিম (৪৪) যাত্রাবাড়ী থানা যুবদলের সহসভাপতি। বুধবার রাতে শাহবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, গত ১৬ অগাস্ট যাত্রাবাড়ীতে খুন হন আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক হাবু (৩৫)। ওই হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি ফাহিম।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাহিম বলেছেন, এলাকার আধিপত্য এবং রাজনীতি নিয়ে হাবুর সঙ্গে দীর্ঘদিন ধরে তার দ্বন্দ্ব চলছিল। এ কারণেই এই হত্যাকাণ্ড।”

আওয়ামী লীগের কেউ এর সঙ্গে জড়িত কিনা জানতে চাইলে পুলিশ কর্মকর্তা হারুন বলেন, “যে কেউ জড়িত থাকুন না কেন, সবাইকে গ্রেপ্তার করা হবে।”

সেদিন রাত ৮টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণিতে কয়েকজন তরুণ ৫০ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি হাবুকে ছুরি মেরে পালিয়ে যায়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুটপাতে বৈদুতিক লাইন নিয়ে দ্বন্দ্বের জের ধরে ওই হত্যাকাণ্ড ঘটে বলে তখন জানিয়েছিলেন ওই ইউনিটেরই সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন।

আগের খবর

পুরনো খবর:

যাত্রাবাড়ীতে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খুন