Published : 09 Apr 2026, 04:47 PM
ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারত থেকে ২০০টি ব্রডগেজ কোচ সরবরাহ শুরু হবে এ বছর, যা ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে পারে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেছেন, নতুন কোচগুলো পাওয়া গেলে ঢাকা থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় আন্তঃনগর ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।
বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
জামায়াতের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও রুহুল আমিনের পৃথক প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বলেন, প্রকল্পের আওতায় জুন ২০২৬ থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ২০০টি ব্রডগেজ ক্যারেজ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
“ক্যারেজগুলো পাওয়া সাপেক্ষে নতুন ট্রেন পরিচালনার বিষয়ে বাংলাদেশ রেলওয়ে রুট নির্ধারণে উদ্যোগ গ্রহণ করবে।”
সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে ঢাকা থেকে উত্তরবঙ্গের জেলাগুলোর সঙ্গে ১৫টি আন্তঃনগর ট্রেন চালু আছে।
তার ভাষায়, ভারত থেকে কোচগুলো আসা শুরু হলে ঢাকা থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় আন্তঃনগর ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।
একই সঙ্গে যাত্রীদের আরামদায়ক ট্রেন ভ্রমণ নিশ্চিত করা এবং মালামাল পরিবহনের মাধ্যমে রেলওয়ের রাজস্ব বাড়াতে ২৬০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ, ৪৬টি ব্রডগেজ লোকোমোটিভ এবং ৫০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের জন্য প্রকল্প অনুমোদনের কাজও চলমান আছে বলে জানান তিনি।
দেশে রেলপথ ৩ হাজার ৪২৮ কিলোমিটার
বিএনপির সংসদ সদস্য মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৩ হাজার ৪২৮ দশমিক ০৯ কিলোমিটার রেলপথ রয়েছে।
এর মধ্যে মিটারগেজ ১ হাজার ৫৯১ দশমিক ৪৩ কিলোমিটার, ব্রডগেজ ১ হাজার ৬৬ দশমিক ৬০ কিলোমিটার এবং ডুয়েলগেজ ৭৭০ দশমিক ০৬ কিলোমিটার।
তিনি বলেন, বিভিন্ন প্রকল্পের আওতায় বাস্তবতার নিরিখে ব্রডগেজ ও ডুয়েলগেজ নতুন রেললাইন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের নেটওয়ার্ক সম্প্রসারণের কাজও চলছে।
এসি বাসের ভাড়ার তালিকা আসবে ডিজিটাল ডিসপ্লেতে
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান, শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা তৈরি করা হবে।
তিনি বলেন, সেই ভাড়ার তালিকা গণপরিবহনের ভেতরে ডিজিটাল ডিসপ্লেতে দেখানোর ব্যবস্থা নেওয়া হবে।
সরকারদলীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে রবিউল আলম বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উদ্যোগে দেশের সড়ক ও মহাসড়কে চলাচলকারী গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, জিপিএস চালু হলে গণপরিবহনের অবস্থান ও গতি সহজে পর্যবেক্ষণ করা যাবে। ফলে যত্রতত্র থামিয়ে যাত্রী ওঠানামা, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়ম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
তার ভাষ্য, কোনো গণপরিবহন সড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে বা ট্রাফিক আইন অমান্য করলে তা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে এবং সংশ্লিষ্ট পরিবহনের চালক ও মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।
সরকারি ক্রয়ে অনিয়মে ৮১ ঠিকাদার ‘অযোগ্য’
এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী জানান, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত ক্রয় কার্যক্রমে ‘প্রতারণামূলক কর্মকাণ্ডে’ জড়িত থাকার প্রমাণের ভিত্তিতে ৮১টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদে ক্রয় কার্যক্রমে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, আইন ও বিধির আলোকে কোনো ব্যক্তি বা ক্রয়কারী সংস্থার কর্মকর্তা-কর্মচারী ‘পেশাগত অসদাচরণে’ জড়িত হলে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনি ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
এই প্রেক্ষাপটে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুসারে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা বর্তমানে চলমান রয়েছে বলেও জানান তিনি।
২৫টির মধ্যে ৯ পাটকল চালু
সরকারদলীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, বাংলাদেশ পাটকল করপোরেশনের আওতাধীন ২৫টি মিলের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৯টি চালু আছে।
তিনি বলেন, ২০২০ সালের ১ জুলাই সরকারি ব্যবস্থাপনায় বিজেএমসির আওতাধীন ২৫টি মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। পরে ২০টি মিল বেসরকারি ব্যবস্থাপনায় ইজারাভিত্তিতে পুনরায় চালুর সিদ্ধান্ত হয়।
মন্ত্রী জানান, ইতোমধ্যে ১৪টি মিলের ইজারা কার্যক্রম শেষ হয়েছে, যার মধ্যে ৯টি মিল চালু করা হয়েছে।
অবশিষ্ট ৬টি মিল ইজারা দেওয়ার লক্ষ্যে কার্যক্রম চলছে। এর মধ্যে ৩টি মিলের বিপরীতে চূড়ান্ত প্রস্তাব আহ্বান করা হয়েছে, একটির প্রস্তাব মূল্যায়নের কাজ চলছে, একটির জন্য আগ্রহী প্রতিষ্ঠানের প্রস্তাব আহ্বান করা হয়েছে এবং একটির ইজারা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাকি মিলগুলোও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
১৩৮ দেশে পাটপণ্য রপ্তানি
সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগারের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরে বিশ্বের ৩০টি দেশে কাঁচাপাট এবং ১৩৮টি দেশে পাটপণ্য রপ্তানি করা হয়েছে।
তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে ৪২ হাজার ৩৯ মেট্রিক টন এবং চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ২২ হাজার ৮৫০ মেট্রিক টন কাঁচাপাট রপ্তানি করা হয়েছে।
এ ছাড়া ২০২৪-২৫ অর্থবছরে ৭ লাখ ৫১ হাজার ৭৩৯ মেট্রিক টন এবং চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত ৪ লাখ ৯ হাজার ৩৬৬ মেট্রিক টন পাটপণ্য রপ্তানি হয়েছে।
১০৯ নম্বরে ৮৭ লাখের বেশি কল
সরকারদলীয় সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবুর প্রশ্নের জবাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, নির্যাতনের শিকার নারী ও শিশুকে তাৎক্ষণিক সহায়তা দেওয়ার জন্য মন্ত্রণালয়ের অধীনে ৬টি বিভাগীয় শহরে নারী নির্যাতন প্রতিরোধ সেল এবং নির্যাতিত নারীদের সাময়িক অবস্থানের জন্য সেইফ হোম রয়েছে।
তিনি জানান, জাতীয় টোলফ্রি হেল্পলাইন ১০৯-এর মাধ্যমে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৮৭ লাখ ৮ হাজার ১৪৯টি কলে সেবা দেওয়া হয়েছে।
বর্তমানে দেশে ১৪টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার রয়েছে এবং সেসব সেন্টারে ফেব্রুয়ারি পর্যন্ত ৮০ হাজার ৩৯৫ জনকে চিকিৎসা, আইনি, পুলিশি ও মনোসামাজিক কাউন্সেলিং সেবা দেওয়ার কথা জানান মন্ত্রী।
এ ছাড়া ৬৭টি ওয়ান স্টপ ক্রাইসিস সেলের মাধ্যমে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ১ লাখ ৬৬ হাজার ৫৭০ জন নির্যাতনের শিকার নারী ও শিশু প্রয়োজনীয় সেবা পেয়েছেন বলে তিনি তথ্য দেন।
মন্ত্রী বলেন, দেশে ৭টি বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৪০ হাজার ৪০৫টি নমুনার ডিএনএ প্রোফাইলিং করা হয়েছে।
পর্যায়ক্রমে মোট ৩৭টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার স্থাপন করা হবে বলে সংসদকে জানান মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন