২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ যেন দেশি-বিদেশি ষড়যন্ত্র থেকে রক্ষা পায়, প্রত্যাশা তথ্যমন্ত্রীর

“আজকের এইদিনে আমাদের কামনা হচ্ছে আমাদের দেশ যেন দেশি-বিদেশি সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পায়।”

দেশ যেন দেশি-বিদেশি ষড়যন্ত্র থেকে রক্ষা পায়, প্রত্যাশা তথ্যমন্ত্রীর

চট্টগ্রামে ঈদের নামাজ আদায় করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2023, 04:09 PM

Updated : 02 Jul 2023, 06:15 PM

দেশের এগিয়ে যাওয়ার সময়ে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস এলাকায় বৃহস্পতিবার ঈদের নামাজ শেষে তিনি বলেন, সেই ষড়যন্ত্র ছিন্ন করে দেশ যেন উন্নয়ন অভিযাত্রায় এগিয়ে যায় সেটিই আজকের দিনে প্রত্যাশা।

“আজকের এইদিনে আমাদের কামনা হচ্ছে আমাদের দেশ যেন দেশি-বিদেশি সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পায়। একইসঙ্গে আমাদের দেশ থেকে যেন সাংঘর্ষিক রাজনীতি চিরদিনের জন্য বিদায় নেয়।”

মন্ত্রী বলেন, “যারা দেশে সাংঘর্ষিক রাজনীতি করে, যারা দেশের মানুষকে কষ্ট দেওয়ার, মানুষ পুড়িয়ে হত্যা করার এবং মানুষের সহায় সম্পত্তি ধ্বংস করার রাজনীতি করে, তাদের যেন শুভ বুদ্ধির উদয় হয়, পবিত্র ঈদুল আজহার দিনে সেটিই প্রত্যাশা।”

নিজের নির্বাচনী এলাকার মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।