২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সংসদেও জনস্রোত, লেকে গোসল ও ছাদে উঠে উল্লাস

সংসদ ভবনের বিভিন্ন কক্ষে প্রবেশ করে ছবি তোলেন; কেউ নাচানাচি আর বিজয়োল্লাস করছিলেন।

সংসদেও জনস্রোত, লেকে গোসল ও ছাদে উঠে উল্লাস
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার খবরে সংসদ ভবনে ঢুকে পড়ে শতশত মানুষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2024, 07:29 PM

Updated : 26 Aug 2026, 10:10 AM

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছাড়ার খবরে উল্লসিত জনতা গণভবন ছাড়াও ঢুকে পড়েছেন সংসদ ভবনে।

পতাকা হাতে ভবনের ছাদে উঠে পড়েছেন অনেকে, সংসদ অধিবেশন কক্ষে এমপিদের আসনে বসে উল্লাস করছেন, কেউ গোসলে নেমে পড়েছেন সংসদের লেকে।

তুমুল গণআন্দোলনে সাড়ে ১৫ বছর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সোমবার দুপুরে দেশ ছাড়ার খবরে মিছিল আর স্লোগানে স্লোগানে হুড়মুড় করে সংসদ ভবনে ঢুকে পড়ে মানুষ।

সংসদ ভবনের বিভিন্ন কক্ষে প্রবেশ করেন তারা। চেয়ার বসে ছবি তোলেন। কেউ নাচানাচি আর হৈ হুল্লোর করছিলেন।

এর আগে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনেও প্রবেশ করে হাজারো মানুষ। সেখান থেকে নামিদামি জিনিসপত্র, টেলিভিশন, ফুলের টব, হাঁস, বালতি, মাছ, মাংস নিয়েও বের হতেও দেখা গেছে অনেককে।

কেউ কেউ নিয়েছেন শাড়ি, বালিশ, কাঁথা। ফ্রিজ থেকে মাছ নিয়েও আসেন অনেকে। চেয়ার, টেবিল হাড়ি পাতিল, কোনো কিছুই বাকি রাখেনি তারা। এমনকি প্লাস্টিকের চেয়ার হাতে নিয়েও বের হতে দেখা যায়।

টেলিভিশন, ফ্রিজ, ফ্যান, ছাগল, খরগোশ, হাঁস, মুরগি, সবজি বাগান থেকে শাক সবজিও তুলে নেয় মানুষ। লাগেজ, ডিভান, ওভেন, গাছ, ঘড়িসহ বিভিন্ন আসবাবপত্র নিতে দেখা গেছে।

শেখ হাসিনা সরকারের পতনের খবরে গোটা রাজধানীতেই বাসা ছেড়ে রাস্তায় নেমে এসেছে মানুষ। এলোমেলো ঘোরাফেরা করছেন, অনেকে পতাকা উড়িয়ে মিছিল করছেন, ছবি তুলছেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৩৬ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর দেশজুড়ে সংঘাত আর ৩ শতাধিক মানুষের মৃত্যুর মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হল।

গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছানোর খবর আসার পর সেখান থেকে তার উড়োজাহাজে দিল্লির পথে রওনা দেওয়ার তথ্য এসেছে।

সরকার পতনের খবরে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও সভাপতির কার্যালয়ের পর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরেও হামলা চালিয়ে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।