প্রশিক্ষণ হবে সমাধানভিত্তিক, গৎবাঁধা নয়: প্রধান উপদেষ্টা
“সরকারের সার্ভিসে, সরকারি কোনো প্রতিষ্ঠানে দুর্নীতি থাকবে না— এটা আমাদের প্রশিক্ষণে গুরুত্ব দিতে হবে,” বলেন তিনি।
সরকারি প্রশিক্ষণ ব্যবস্থাকে গৎবাঁধা পদ্ধতি থেকে বের হয়ে সমাধানভিত্তিক (প্রবলেম সলভিং) করার ওপর গুরুত্ব দিতে বলেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক অনুষ্ঠানে তিনি এ মত তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার কাছে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক মূল্যায়ন সংক্রান্ত প্রতিবেদন হস্তান্তর করা হয় বলে সরকারপ্রধানের কার্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্রতিবেদনটি প্রস্তুত করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ)। এতে কারিগরি সহায়তা দেয় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
প্রধান উপদেষ্টা বলেন, “গৎবাধা প্রশিক্ষণ নয়; প্রশিক্ষণ হবে ‘প্রবলেম সলভিং’। একেকজন একেক সমস্যা সমাধানে দক্ষ। যে যেটাতে দক্ষ, তার কাছে বাকিরা শিখে নেবেন।”
তিনি আরও বলেন, “সরকারের সার্ভিসে, সরকারি কোনো প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না। এটা আমাদের প্রশিক্ষণের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে।”
প্রশিক্ষণের মান ও ব্যবস্থাপনা প্রসঙ্গে মুহাম্মদ ইউনূস বলেন, “দেখা যায়, প্রশিক্ষণের ব্যবস্থা আছে, ভবন আছে, কিন্তু দক্ষ কর্মকর্তা-কর্মচারী নেই। প্রশিক্ষণ পদ্ধতি, শিক্ষার বিষয় পুরনো আমলের, হালনাগাদ নয়।”
তিনি প্রযুক্তিনির্ভর ও ফলাফলভিত্তিক প্রশিক্ষণ ব্যবস্থায় জোর দিয়ে বলেন, “প্রশিক্ষণ কয়বার হলো, কে কত নম্বর পেল, সেটা দিয়ে তাকে মূল্যায়ন করতে হবে। ভালো নম্বর পেলে তাকে ইনসেনটিভ দিতে হবে, যেন সে উৎসাহ পায়।”
জিআইইউ জানায়, প্রাথমিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন পাঁচটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে মূল্যায়নের আওতায় আনা হয়েছে। এগুলো হলো, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), বিসিএস প্রশাসন একাডেমি, বিয়াম ফাউন্ডেশন, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি (নাডা) এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)।
কমিটির সদস্যরা জানান, বাংলাদেশে এই প্রথমবারের মতো প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও তাদের চলমান কার্যক্রমের প্রাতিষ্ঠানিক মূল্যায়ন হলো। ফলে মানদণ্ড নির্ধারণ, সূচক নির্বাচন ও পরিমাপ স্কেল তৈরি করা ছিল একটি চ্যালেঞ্জিং কাজ। এ কারণে ‘লার্নিং বাই ডুয়িং’ পদ্ধতিতে কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং প্রতিটি ধাপে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, “প্রতিষ্ঠানের মধ্যেও র্যাংকিং করতে হবে। প্রতিষ্ঠানের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় থাকবে। বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরাও এসব প্রতিষ্ঠানে প্রশিক্ষণের জন্য যেতে পারবে।”
জিআইইউ জানায়, এই মূল্যায়ন কাঠামোর আলোকে ভবিষ্যতেও নিয়মিত মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা যাবে এবং প্রয়োজনে কাঠামোটি আরও সমৃদ্ধ করা সম্ভব। প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর গুণগত মান বাড়লে সরকারি কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং জনগণকে সেবা দেওয়ার সক্ষমতা আরও জোরদার হবে।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক।
