২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটি শেষেও ঢাকা থেকে যাওয়ার পালা

ঈদের ছুটি শেষ, অফিস-আদালতও খুলেছে; কিন্তু কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেন থেকে নামার চেয়ে ওঠার ভিড় এখনও বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 09:17 PM

Updated : 12 Oct 2022, 04:03 PM

পুরনো খবর:

ঢাকা এখনও ফাঁকা ফাঁকা
আড়মোড়া ভাঙেনি ঢাকা

ঈদের ছুটির আগে উপচেপড়া ভিড় নিয়ে ঢাকা থেকে ট্রেনগুলো ছুটেছিল বিভিন্ন গন্তব্যে। তিন দিনের ছুটি শেষে সোমবার খুলেছে অফিস-আদালত।

ফলে কর্মব্যস্ত রাজধানীতে মানুষের এবার ফেরার পালা দেখতে সোমবার কমলাপুর স্টেশনে গিয়ে উল্টো চিত্রই দেখা গেল।

ট্রেনের অপেক্ষায় থাকা মানুষের মধ্যে পাওয়া গেল ময়মনসিংহের জাহিদ হোসেন নামে এক যুবককে। যাত্রাবাড়ীর একটি সিএনজি স্টেশনে কাজ করেন তিনি।

এখন যাচ্ছেন কেন- এই প্রশ্নে জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছুটি ছিল না। এখন ছয় দিনের ছুটি পেয়েছি। তাই বাড়ি যাচ্ছি।”

রাজধানীর সবচেয়ে বড় রেল স্টেশনে দুপুরে কয়েক ঘণ্টা থেকে ময়মনসিংহ, গাজীপুর, কিশোরগঞ্জ, ভৈরব, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামের ট্রেনের অপেক্ষায় অনেককে থাকতে দেখা যায়।

নোয়াখালীগামী ট্রেনের অপেক্ষায় থাকা জয়নাল বলেন, “ছেলে-মেয়ে নিয়ে ঈদের আগে ভিড়ের মধ্যে বাড়ি যেতে পারিনি। তাই এখন যাচ্ছি।”

এই সময়কালে কমলাপুরে যেসব ট্রেন ভিড়েছে, সেগুলোতে যাত্রীর সংখ্যা বেশি দেখা যায়নি। স্টেশন মাস্টার নৃপেন্দ্র সাহাও বললেন, ফেরৎ যাত্রীর সংখ্যা তুলনামূলক কম।

ঈদ শেষে যারা এসেছেন, তারা জীবিকার প্রয়োজনে ফিরলেও মন যে রেখে এসেছেন, তা স্পষ্ট হল রেলকর্মী আব্বাসের কথায়।

চট্টগ্রাম থেকে ঢাকার কর্মস্থলে ফেরা এই সরকারি চাকুরে বলেন, “আর কয়টা দিন থাকতে পারলে ভালো লাগত।”

স্টেশন মাস্টার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রেনগুলো ঠিক সময়ে ঢাকায় পৌঁছাচ্ছে। কোনো সমস্যা পথে নেই।

কমলাপুরের মতো সদরঘাটেও রাজধানীমুখী মানুষের ঢল দেখা যায়নি; যদিও সোমবার দুপুর পর্যন্ত সদরঘাটে ৫৫টি লঞ্চ এসে ভেড়ে দক্ষিণাঞ্চল থেকে।

Image
ঈদের ছুটি শেষ, রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ছবিটি সোমবার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

ঈদের ছুটি শেষ, রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ছবিটি সোমবার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

 

ঘাটে কর্মরত বিআইডব্লিউটিএর পরিদর্শক (টিআই) মো. সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানুষ এখনও আসতে শুরু করেনি।”

এবার শনিবার ঈদ হওয়ায় তিন দিন সরকারি ছুটির দুই দিনই সাপ্তাহিক ছুটির মধ্যে পড়েছে। ফলে অনেকেই তিন-চার দিন বাড়তি ছুটি নিয়ে গ্রামে গেছেন স্বজনদের সঙ্গে ঈদ করতে।

সপ্তাহের শেষভাগে ঢাকামুখী মানুষের ঢল নামবে বলে মনে করছেন ঢাকা-চাঁদপুর রুটের আসা-যাওয়া-২ লঞ্চের ম্যানেজার ফরহাদ।

ট্রেনের মতো লঞ্চে চেপেও অনেককে ঈদের পর গ্রামের বাড়িতে যেতে দেখা যায় সোমবার।

ইকবাল নামে লালবাগের এক দোকানকর্মী বলেন, ঈদের আগে ভিড়ের কারণে তার বাড়ি যাওয়া হয়নি। তাই স্ত্রীকে নিয়ে ঈদের পর ঘোষের হাট যাচ্ছেন তিনি।