ঢাকা এখনও ফাঁকা ফাঁকা
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আমিরুল ইসলাম নিজের গাড়িতে রাজধানীর মোহাম্মদপুর থেকে গুলশানে পৌঁছেছেন মাত্র ১০ মিনিটে।
“অন্য সময় দেড়-দুই ঘণ্টা সময় লাগে। সবসময় রাস্তা যদি আজকের মতো ফাঁকা পাওয়া যেত তাহলে ঢাকায় বসবাসের আনন্দই অন্যরকম হত,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।
ঈদের ছুটির পর অফিস-আদালত খোলার দিন মেঘ-বৃষ্টির মধ্যে অনেকেই জানিয়েছেন সড়ক অনেকটাই ফাঁকা পাওয়ার কথা।
এদিন মাত্র ১৫ মিনিটে উত্তরা থেকে মহাখালীর কর্মস্থলে পৌঁছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক সুমন মাহবুব।
গত কয়েকদিন ঈদের ছুটির দিনগুলোতে এই সময়ে তিনি কর্মস্থলে পৌঁছতে পারলেও বছরের অন্য দিনে এই পথটুকু পাড়ি দিতে কমপক্ষে ১ ঘণ্টা বাড়তি সময় লাগে তার।
“উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্স থেকে আসার পথে বিমানবন্দর, বনানী, কাকলী, আমতলী মোড় কয়েকটি সিগনাল পড়ে। সিগন্যালগুলোর কোথাও আজ আটকাতে হয়নি। অন্যদিন ট্রাফিক সিগন্যাল, যানজটের কবলে পড়ে অনেকটা সময় পথেই কেটে যায়,” বলেন সুমন মাহবুব।
শুধু মহাখালী-বিমানবন্দর সড়কই নয়, ঢাকার ব্যস্ত সড়কগুলোর প্রতিটিই সোমবার অনেকটা ফাঁকা দেখা গেছে। মিরপুর সড়ক, বিজয় সরণি, ফার্মগেইট, বাংলা মোটর, শাহবাগ হয়ে মতিঝিলের সড়কগুলো পার হতেও লালবাতিতে থামতে হয়নি দুপুর-বিকালে।
এছাড়া শহরের অন্যান্য সড়কগুলোর অবস্থাও অনেকটা সুনশান। বনশ্রী থেকে রামপুরা, মধ্যবাড্ডা, গুলশান হয়ে মহাখালী আসার রাস্তা, মিরপুর পল্লবী থেকে নীলক্ষেতে যাওয়ার রাস্তাও অনেকটাই নীরব।
ঈদে তিন দিনের ছুটিতে রাজধানীর অনেকেই বাড়ি যান। ছুটি শেষে বেশিরভাগই যে ফেরেনি, তা বোঝা যায় অফিস-আদালতে কর্মব্যস্ততা না দেখে।
আর তাই রাজধানীর সড়কগুলো এখনও চিরচেনা ব্যস্ত চেহারায় ফেরেনি। যানজটহীন বৃষ্টিভেজা আমেজে ঢাকার রাস্তাগুলোও যেন ছুটির মেজাজে আছে।
সোমবার দুপুরের পর কমলাপুর থেকে ছেড়ে আসা ৬ নম্বর রুটের একটি বাস মহাখালী পৌঁছে মাত্র আধা ঘণ্টায়। অন্য সময় মৌচাক, মালিবাগ, মগবাজার এলাকায় ফ্লাইওভার নির্মাণের কারণে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে থাকতে হত বাসটিকে।
শফিকুর রহমান নামে ওই বাসের এক যাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকার রাস্তায় এরকম আরামের যাত্রা হয়ত আরও কয়েকদিন থাকবে। এরপরই যে যানজটের বিড়ম্বনা শুরু হবে, সেটা ভাবতেই কষ্ট হয়।”
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. মুনতাসিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার সড়কগুলো এখনও ঈদের আমেজেই ফাঁকা রয়ে গেছে।
“নিয়মিত সময়ে ট্রাফিক পুলিশকে যে যানজট মোকাবেলা করতে হয়, তা এখনও ফিরে আসেনি।”
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান এখনও খোলেনি। এমনকি অনেক খাবারের দোকানও বন্ধ। খানিকটা ভিড় আছে, তা টার্মিনালগুলো আর বিনোদন কেন্দ্রগুলোর সামনে।
ছুটি শেষে ফেরার পালা শুরু হলেও কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বাস টার্মিনালগুলো ঘুরে খুব বেশি ভিড় দেখা যায়নি। আর যারা আছেন ঢাকায়, তারাও বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া বের হননি পথে।
ফলে যানজট, হট্টগোল থেকে এখন মুক্ত রাজধানীর রাস্তা-ঘাট। আর এই অবস্থা সপ্তাহের শেষ নাগাদ চলবে বলে মনে করেন নগরবাসী।
