২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আড়মোড়া ভাঙেনি ঢাকা

ঈদের সরকারি ছুটি শেষ হলেও চেনারূপে ফেরেনি রাজধানী; প্রথম কর্মদিবসে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় ও ঢাকার অফিসপাড়ায় চলছে ছুটির আমেজ।

শামীম আহমেদ

ও শেখ আবদুল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 01:10 PM

Updated : 12 Oct 2022, 04:03 PM

রাজধানীর ব্যাংকপাড়া হিসেবে পরিচিত মতিঝিলের বিভিন্ন অফিস এবং সচিবালয়ের বিভিন্ন দপ্তরে সোমবার অল্প সংখ্যক কর্মীকে ঈদ শুভেচ্ছা বিনিময় আর খোশ-গল্প করেই সময় কাটাতে দেখা যায়।

সচিবালয়ের কর্মকর্তারা জানান, ঈদের পর প্রথম দিন দপ্তরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি এমনিতেই কম থাকে। এবার তার সঙ্গে যোগ হয়েছে টানা বৃষ্টির প্রভাব।

সোমবার উপস্থিতির হার ৫০ শতাংশেরও কম বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।  

উপস্থিত কর্মকর্তারা জানান, শনিবার ঈদ হওয়ায় এবার তিন দিন সরকারি ছুটির দুই দিনই সাপ্তাহিক ছুটির মধ্যে পড়েছে। ফলে অনেকেই তিন-চার দিন বাড়তি ছুটি নিয়ে গ্রামে গেছেন পরিবারের সঙ্গে ঈদ করতে। ছুটির আবেদনও এবার তুলনামূলকভাবে বেশি  ছিল।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বেশিরভাগ মন্ত্রী এবার নিজ এলাকায় ঈদ করেছেন। তারপরও বেশ কয়েকজন সোমবার সকালে অফিসে এসেছেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম,  বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সকালে এসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল জলিল বলেন, তাদের অধিকাংশ কর্মকর্তা ঈদের ছুটি শেষে অফিসে যোগ দিয়েছেন। সচিব, অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজে যোগ দিয়েছেন।

অন্যসময় সকালে সচিবালয়ে দর্শনার্থীদের অভ্যর্থনা কক্ষে ভিড় থাকলেও এদিন একেবারেই ফাঁকা দেখা যায়।

Image
ঈদের পর প্রথম কর্মদিবসে মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়

ঈদের পর প্রথম কর্মদিবসে মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়

Image
ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ের অধিকাংশ কক্ষ ছিল এরকমই ফাঁকা

ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ের অধিকাংশ কক্ষ ছিল এরকমই ফাঁকা

সকাল ১০টার পর বাংলাদেশ ব্যাংকসহ সরকারি-বেসরকারি কয়েকটি ব্যাংক, বীমা অফিস, ব্রোকারেজ হাউজ, এফবিসিসিআই, ডিসিসিআই কার্যালয়ের বিভিন্ন দপ্তরে ঘুরেও অর্ধেকের বেশি চেয়ার দেখা যায় খালি।

সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের একজন এক্সিকিউটিভ অফিসার জানান, তাদের অনেক সহকর্মী ঈদের পরে তিনদিন করে ছুটি নিয়েছেন। এ কারণে সোমবার উপস্থিতি স্বাভাবিক সময়ের প্রায় অর্ধেক। 

তবে এ কারণে সেবায় কোনো ব্যাঘাত ঘটছে না বলে তিনি দাবি করেন।

বেসরকারি এসআইবিএল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আব্দুল করিম বলেন, “ছুটির পরপর বলে ব্যাংকগুলোতে লেনদেন কম। টাকা ওঠানো বা জমা দেওয়াও হচ্ছে কম। তবে আন্তর্জাতিক লেনদেন মোটামুটি।”

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদ উপলক্ষে কিছু কর্মকর্তা ছুটিতে থাকেন। তবে ব্যাংকগুলোর লেনদেন বা ক্লিয়ারিং হাউজসহ অন্যান্য যে সেবা বাংলাদেশ ব্যাংক দেয়, তা অব্যাহত রাখতে প্রয়োজনীয় জনবল উপস্থিত আছে।”

ঢাকা চেম্বারের কর্মকর্তা ফজলে রাব্বী জানান, ঢাকার বাইরে যারা ঈদ করতে গেছেন তারা এখনও না ফিরলেও অন্যরা প্রায় সবাই এসেছেন।

“ডিসিসিআই ঈদের ছুটির আগের দিনটাও ছুটি দিয়েছিল। এ কারণে আমাদের অফিসে আজ উপস্থিতি তুলনামূলক বেশি। প্রায় ৭০ শতাংশ কর্মী অফিসে আছেন।”

অফিস-আদালতের মতোই রাজধানীর রাস্তাঘাট এখনো ফাঁকা। যানবাহন, মানুষের কোলাহল কম। হকার না থাকায় ফুটপাতগুলোও নীরব।

ঢাকা পুরোপুরি আগের ব্যস্ততায় ফিরতে আগামী রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।