ধসের পর চট্টগ্রামে পাহাড় থেকে ১৫০ পরিবারকে উচ্ছেদ
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার ট্যাংকির পাহাড় ধসে তিন শিশু নিহত হওয়ার একদিন পর সেখান থেকে ঝুঁকিপূর্ণ ১৫০ পরিবারকে সরিয়ে দেওয়া হয়েছে।
সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসনের চালানো অভিযানে ৫০টি ঘর থেকে মোট ১৫০ পরিবারকে উচ্ছেদ করা হয় বলে জ্যেষ্ঠ সহকারী কমিশনার আফজাল হোসেন জানিয়েছেন।
বায়েজিদ এলাকায় ট্যাংকির পাহাড়ের পাদদেশে আমিন জুট মিলের মালিকানাধীন এ জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ঘর তুলে বসবাস করছিল এসব পরিবার।
আফজাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাহাড়টি অনেক বড়। এর নিচে কয়েকশ’ ঘর আছে। পাহাড়ের পাদদেশে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় যারা বসবাস করছিল, সেসব ঘরই উচ্ছেদ করা হয়েছে।”
টানা কয়েক দিনের বৃষ্টির পর শনিবার ভোররাতে ট্যাংকির পাহাড়ের মাটি আলগা হয়ে নিচে আমিন কলোনির একটি ঘরের ওপর পড়ে। এতে এক পরিবারের তিন শিশুর মৃত্যু হয়।
চট্টগ্রাম নগরীর ট্যাংকির পাহাড়ের আমিন কলোনিতে ভূমি ধসে চাপা পড়া ঘর, যার ভেতরে থাকা তিনটি শিশু মারা যায়
চলতি বছর বর্ষা শুরুর পর জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ শুরু করেছিল জেলা প্রশাসন। তবে রোজার মাসে উচ্ছেদ অভিযান বন্ধ ছিল।
ট্যাংকির পাহাড়ের বাসিন্দাদের বিষয়ে জ্যেষ্ঠ সহকারী কমিশনার আফজাল বলেন, “তারা সবাই নানা পেশায় জড়িত। তারা অস্বচ্ছল হলেও উদ্বাস্তু নয়।
“কোনো কোনো ঘরে টেলিভিশন-ফ্রিজও আছে। চাইলেই তারা অন্য কোথায় বাসা ভাড়া নিয়ে থাকতে পারেন। অল্প খরচে থাকার জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের নিচে থাকছেন।”
উচ্ছেদ হওয়া পরিবারগুলোর থাকার সাময়িক ব্যবস্থা হয়েছে আমিন জুট মিলের স্কুল ও মাদ্রাসায়। জেলা প্রশাসন থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হবে।
ওই সব ঘরের বিদ্যুত সংযোগ অভিযানের সময় বিচ্ছিন্ন করা হয়েছে। ঘরগুলোতে কোনো গ্যাস সংযোগ ছিল না।
উচ্ছেদ অভিযানে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা অংশ নেয়। জ্যেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি, আগ্রাবাদ) আবু হাসান সিদ্দিক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিনও অভিযানের সময় ছিলেন।
