২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় ধসে মৃত্যু: পুলিশের মামলা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের লালখান বাজার ও বায়েজিদ থানা এলাকায় পাহাড় ধসে হতাহতের ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ, গ্রেপ্তার করা হয়েছে দুই জনকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 10:30 AM

Updated : 22 Aug 2022, 12:49 PM

এর মধ্যে বায়েজিদের ট্যাংকির পাহাড়ে এক পরিবারের তিন শিশুর মৃত্যুর ঘটনায় পাঁচজনকে আসামি করা হয়েছে।

বায়েজিদ থানার এএসআই নাসির উদ্দীন জানান, রোববার রাতে এসআই আব্দুল হালিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- মো. মঈনুদ্দিন, মো. রাসেল, মো. সোহেল, জয়নাল আবেদীন ও শাহাবুদ্দিন।

এদের মধ্যে শাহাবুদ্দিন ও জয়নাল আবেদীনকে রোববার রাতে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে এএসআই নাসির জানান।

তিনি বলেন, “তারা ওই পাহাড় কেটে ঘর তৈরি করে ভাড়া দিয়েছিলেন। তাদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।”

টানা কয়েক দিনের বৃষ্টির পর শনিবার রাত ২টার দিকে বায়েজিদের ট্যাংকির পাহাড়ের মাটি আলগা হয়ে নিচে আমিন কলোনির একটি ঘরের ওপর পড়লে এক পরিবারের তিন শিশুর মৃত্যু হয়।

এরা হল- পাইপ মিস্ত্রি মো. শাহাজানের মেয়ে বিবি মরিয়ম (দেড় বছর), সালমা (৫) ও ছেলে আরাফাত হেসেন ফরিদ (১২)।

ওই রাতেই লালখান বাজারের মতিঝর্ণার পোড়া কলোনিতে দেওয়াল ধসে মরিয়ম বেগম (২৯), তার মেয়ে সুরাইয়া আক্তার (২) এবং তাদের প্রতিবেশীর মেয়ে আঁখি নুরের (৫) মৃত্যু হয়।

এ ঘটনায় খুলশী থানার এসআই রাসেল মাহমুদ বাদী হয়ে খোকন মিয়া (৪০) নামে একজনকে আসামি করে অন্য মামলাটি দায়ের করেন।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চক্রবর্তী জানান, ওই জমির মালিক খোকন মিয়ার বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।

২০০৭ সালের জুন মাসে অতিবর্ষণের মধ্যে চট্টগ্রামে পাহাড় ধসে ১২৭ জন মারা গিয়েছিল। এরপর থেকে প্রতিবছরই বর্ষায় অবৈধ বসিত উচ্ছেদে অভিযান চালায় জেলা প্রশাসন।

এবারও অভিযান চলছে, তার মধ্যেই পাহাড় ধসে হতাহতের এই ঘটনা ঘটে।

পুরনো খবর:

“ইচ্ছে ছিল ঈদের রাতে একসঙ্গে খাব, ফিরে দেখি স্ত্রী-সন্তানের লাশ’
বৃষ্টিতে ধস, চট্টগ্রামে ৫ শিশুসহ নিহত ৬