পটুয়াখালীতে ভাইয়ের হাতে ভাই খুন
পূর্ব বিরোধের জেরে পটুয়াখালী সদরে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চার চাচাত ভাইয়ের বিরুদ্ধে।
রোববার দুপুরে ইটবাড়িয়া ইউনিয়নের শারিকখালী গ্রামের এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি মো. তারিকুল ইসলাম।
নিহত মাসুদ মাতবর (২৭) ওই গ্রামের আইয়ুব আলী মাতবরের ছেলে।
ওসি তারিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তুচ্ছ ঘটনায় নিয়ে ছয় মাস আগে খালেক মাতবরের ছেলে বাহাদুর মাতবরের সঙ্গে চাচাত ভাই মাসুদের বিরোধ হয়।
এ নিয়ে বেলা সাড়ে ৩টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশি অস্ত্র নিয়ে মাসুদের উপর হামলা চালায় বাহাদুর মাতবর ও তার তিন ভাই।
পরে স্থানীয়রা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাসুদের মৃত্যু হয় বলে জানান তিনি।
