২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় আ. লীগ নেতাকে রগ কেটে হত্যা  

জমি নিয়ে বিরোধের জেরে নওগাঁর রানীনগর উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2015, 10:06 PM

Updated : 12 Oct 2022, 04:02 PM

রোববার পারইল ইউনিয়নের বোহার গ্রামে এ ঘটনা ঘটে।

এরপর ক্ষুব্ধ এলাকাবাসী হত্যাকাণ্ডের জন্য দায়ী করে স্থানীয় জামায়াত নেতা মোজাফ্ফর হোসেনের বাড়িসহ কয়েকটি বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে।

পুলিশ এই ঘটনায় জড়িত অভিযোগে চার জনকে আটক করেছে।

নিহত আমজাদ হোসেন (৩৫) রানীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং বোহার গ্রামের কবেজ উদ্দিনের ছেলে।

এ ঘটনার পর দুপক্ষের সংঘর্ষে নারী-পরুষসহ অন্তত ১২ জন আহত হয়েছে।

আহতরা হলেন শফির উদ্দীন (৫৫) এবং তার পক্ষের নুর উদ্দীন (২৮), আব্দুর রহমান (৭০), হবিবর রহমান (৫৫) ও বুলু আহম্মেদ (৩২)।

Image
আওয়ামী লীগ নেতাকে হত্যার পর এলাকাবাসী জামায়াত নেতার বাড়িতে হামলা চালায়

আওয়ামী লীগ নেতাকে হত্যার পর এলাকাবাসী জামায়াত নেতার বাড়িতে হামলা চালায়

অপরপক্ষের আহতরা হলেন আমজাদ হোসেন (৪০), মজনুর রহমান  (৩৮), ফজলুর রহমান (৩০), নজরুল ইসলাম (২৬), আমজাদ হোসেনের মা আনোয়ারা (৬৫), স্ত্রী ফাইমা বিবি (৩০) ও মেয়ে লাকি আক্তার রিপা (১৮)।   

পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জামায়াত নেতা মোজাফ্ফর হোসেনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।

রানীনগর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ হিল জামান জানান, আমজাদ হোসেনের সঙ্গে একই গ্রামের বোহার দাখিল মাদ্রাসরা সুপার জামায়াত নেতা মোজাফ্ফর হোসেনের র্দীঘদিন ধরে ২৫ শতক মাঠের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

রোববার সকাল ৮টার দিকে আমজাদ হোসেন ওই জমিতে চাষ করার সময় মোজাফ্ফর তাকে বাধা দেন।

পরে মোজাফ্ফরের নেতৃত্বে তার ২০/২৫ জন অনুসারী ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়।

তারা আমজাদের ডান পা গোড়ালির নিচে থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং বাম পায়ের রগ কেটে দেয়।

পরিদর্শক আব্দুল্লাহ আরও জানান, এ সময় বাধা দিতে গেলে তাদের উপরও হামলা চালানো হয়।

এতে আমজাদের পক্ষের ৭/৮ জন আহত হয়।

গ্রামবাসী আমজাদকে উদ্ধার করে প্রথমে পাশের আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।  

Image
আওয়ামী লীগ নেতাকে হত্যার পর এলাকাবাসী জামায়াত নেতার বাড়িতে হামলা চালায়

আওয়ামী লীগ নেতাকে হত্যার পর এলাকাবাসী জামায়াত নেতার বাড়িতে হামলা চালায়

পুলিশ পরিদর্শক জানান, এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী মোজাফ্ফরের বাড়িসহ প্রতিপক্ষের কয়েকটি বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

খবর পেয়ে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কে এল সরকার পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

একই সঙ্গে স্থানীয় সাংসদ মো. ইসরাফিল আলমও ঘটনাস্থলে যান। তিনি গ্রামবাসীদের ন্যায় বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।

ঘটনার পর থেকে মোজাফ্ফর ও তার লোকজন গ্রাম ছেড়ে পালিয়ে যান।

পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী ফাহিমা বেগম থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান পরিদর্শক আব্দুল্লাহ।

তিনি জানান, এই ঘটনায় জড়িত অভিযোগে হবিবর রহমান (৫৫), বুলু আহম্মেদকে (৩২) চিকিৎসাধীন আবস্থায় নওগাঁ সদরে এবং ইনামুল হক (৪০) ও শফিকুল ইসলামকে (২২) গ্রাম থেকে আটক করা হয়েছে।  

সহকারী পুলিশ সুপার কে এল সরকার সাংবাদিকদের বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।