কারাবন্দিদের ঈদ
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জয়নাল পাঁচ বছর ধরে আছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। ঈদের দিনে নতুন জামা নিয়ে কিশোরগঞ্জের বাজিতপুর থেকে তাকে দেখতে এসেছেন ভাই রুহুল।
শনিবার সকাল ১০টার দিকে কারাফটকে কথা হয় রুহুলের সঙ্গে। তিনি বলেন, “অন্য বছর ভাবী ও সন্তানরা আসে। ভাবীর শরীর ভাল নয় আর বৃষ্টি হওয়ায় কিশোরগঞ্জ থেকে এবার আমি এসেছি।”
রুহুলের মতো অনেককেই অপেক্ষা করতে দেখা যায় পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে।
পঁচিশ বছর বয়সি এক তরুণী দাঁড়িয়ে ছিলেন কারাগারের পরিদর্শন ফটকের বাইরে লাইনে।
কার সঙ্গে দেখা করতে যাবেন- জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার স্বামী রুবেলের সঙ্গে। তিন মাস আগে কাফরুল থানার এক গাড়ি চুরির মামলায় পুলিশ তাকে আটক করে।”
প্রতিবারের মতো এবারও ঈদের দিনে কয়েদি ও হাজতিদের সঙ্গে দেখা করা বিশেষ সুযোগ দেয় কারা কর্তৃপক্ষ।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্ঠিপোর ডটকমকে জানান, প্রায় সাত হাজার বন্দি রয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
“ঈদের দিনে তাদের বিশেষ খাবার দেওয়া হয়েছে। সকালে পায়েস-মুড়ি, দুপুরে ভাতের সঙ্গে আলুর দম, রুই মাছ ও ডিম ভুনা। রাতে পোলাওয়ের সঙ্গে খাসী ও গরুর মাংস থাকবে।”
সকাল ৯টায় দশ নম্বর সেলের পেছনের মসজিদে অনুষ্ঠিত হয় কায়েদি ও হাজতিদের ঈদের জামাত।
স্বজনদের আনা খাবারও পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হয় বলেও জানান মাজহারুল।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এবার ঈদ উদযাপন করছে প্রায় চার হাজার বন্দি। তবে সকাল থেকে বৃষ্টির কারণে কেন্দ্রীয় কারাগারে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন ভবন ও সেলে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টায় কেন্দ্রীয় কারাগারের ভেতরের মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত করার সব প্রস্তুতি নেওয়া হলেও বৃষ্টির কারণে তা হয়নি।
বরাবরের মতো এ বছরও কারাগারে থাকা দুঃস্থ ও গরিব বন্দিদের এবং বন্দি নারীদের সঙ্গে থাকা শিশুদের নতুন কাপড় বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।
ডেপুটি জেলার মনির বলেন, “বিভিন্ন সংস্থা ও সমাজ সেবা দপ্তর থেকে এসব জামা কাপড় সরবরাহ করা হয়।”
ঈদ উপলক্ষে কারাগারে বন্দিরদের জন্য বিশেষ খাবারেরও আয়োজন করেছে কর্তৃপক্ষ।
মনির বলেন, “সকালে খাবারের তালিকায় ছিল সেমাই, পায়েস ও মুড়ি। দুপুরে সাদা ভাত, আলুর দম ও ইলিশ মাছ। রাতে পোলাও মাংস, মিষ্টি ও কোমল পানীয়।”
এছাড়া বন্দিদের সঙ্গে দেখা ও খাবার সরবরাহের বিশেষ সুবিধা দেয়া হচ্ছে স্বজনদের।
এবারও কারাগারে ঈদ পালন করেছে বেশকিছু ভিআইপি বন্দি ও রাজনৈতিক নেতারা।
কারাগারে ডিভিশন পাওয়া তিন বন্দি পূর্ব রেলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা, ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়া, অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান ছাড়াও রয়েছেন নগর জামায়াত ইসলামীর আমির ও সাবেক সংসদ আ ন ম শামসুল ইসলাম।
এছাড়াও ১০ ট্রাক অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত সিইউএফএল’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার, সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) কেএম এনামুল হকও এই কারাগারে আছেন।
