বিপুল উৎসাহ-উদ্দীপনায় চলছে ঈদ উৎসব
এক মাসের রোজার শেষে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
সকালে বিভিন্ন জেলায় ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মানুষ।
কয়েকটি জেলায় বৃষ্টি উপেক্ষা করেই ঈদের নামাজে যোগ দিয়েছেন মুসল্লিরা।
সারাদেশ থেকে প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
বরিশাল
বরিশালে সকাল সাড়ে ৮টায় ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।
জামাতে ইমামতি করেন স্টিমার ঘাট জামে মসজিদের খতিব মাওলানা শরফুদ্দিন বেগ।
নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, বিভাগীয় কমিশনার মো. গাউস, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান প্রমুখ এখানে নামাজ আদায় করেন।
নগরীর ৩০টি ওয়ার্ডসহ কয়েকটি স্থানে ছোট বড় একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ শহরের কালেক্টরেট ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মুফতি মো. শহিদুল্লাহ।
বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই জামাতে অংশ নেন সব শ্রেণি-পেশার মানুষ।
নামাজে জেলা পরিষদ প্রশাসক মো. মহিউদ্দিন, জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, পৌর মেয়র একেএম ইরাদত মানু, সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ অংশ নেন।
পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
নেত্রকোণা
আনন্দমুখর পরিবেশে নেত্রকোণায় ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
সকালে শহরের মোক্তারপাড়ায় কেন্দ্রীয় জামে মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এতে ইমামতি করেন মসজিদের ঈমাম মাওলানা মোস্তফা কামাল।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ হাজারো মানুষ নামাজ আদায় করেন।
নামাজে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
এছাড়া পারলা এলাকায় ১১ ব্যাটালিয়ন বিজিবির সদর দপ্তর, পুলিশ লাইন মাঠসহ জেলায় ১৭শর বেশি ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর
ফরিদপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় শহরের কমলাপুর এলাকার চাঁদমারী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।
সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি উপেক্ষা করেই শত শত মানুষ ঈদের নামাজ আদায় করেন।
জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন চাঁদমারী ঈদগাহে নামাজ আদায় করেন।
এ ছাড়া শহরের চুনাঘাটা ঈদগাহ ময়দান,আলীপুর কবরস্থান মসজিদ,গোয়ালচামট পানি উন্নয়ন বোর্ড মসজিদ, জেলখানা ঈদগাঁ ময়দান, ফরিদপুর পুলিশ লাইনস ময়দান, অম্বিকা ময়দান,ফরিদশাহ দরগা মসজিদ, শামসুল উলুম মাদ্রাসা, কমলাপুর মাটিয়া কবরস্থান মসজিদ, জেলার সদরপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল মাঠ, মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বরগুনা
সকাল ৮টায় জেলা শহরের সার্কিট হাউজ মাঠে ঈদের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
নামাজে ইমামতি করেন স্টাফ কোয়ার্টার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ উল্লাহ।
হাজার হাজার পুরুষের পাশাপাশি মহিলারাও জামাতে দাঁড়িয়ে নামাজ আদায় করেন।
