ঈদ উৎসবে চট্টগ্রাম
এক মাসের সিয়াম সাধনার পর সাড়ম্বরে চট্টগ্রামেও পালিত হচ্ছে মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-ফিতর।
শনিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ঈদের নামাজে শামিল হন মুসল্লিরা। নামাজ শেষে যোগ দেন ঈদ আনন্দে।
সকাল সোয়া ৮টায় চট্টগ্রামের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত এ জামাতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী। একই স্থানে সকাল পৌনে ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সাবেক মন্ত্রী বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সমাজের বিশিষ্ট ব্যক্তিসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
নামাজের পর মুসলিম উম্মাহর পাশাপাশি দেশের শান্তির জন্য মোনাজাত করা হয়।
এছাড়া এম এ আজিজ স্টেডিয়াম মসজিদে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে সকাল ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা জামাতে নামাজ আদায় করেন।
এবার চট্টগ্রামে ২২৫টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে সিটি কর্পোরেশনের অধীনে ১৫২টি এবং জেলা প্রশাসন ও ঈদ জামাত কমিটির তত্ত্বাবধানে ৯৩টি জামাতের ব্যবস্থা করা হয়।
নামাজ শেয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও পরবর্তীতে বৃষ্টি ধরে আসে। নগরীর পাড়া-মহল্লায় সকলে ঈদেও আনন্দে মেতে উঠে।
