সমুদ্রে স্নানে নেমে প্রাণ গেল ২ তরুণের
কক্সবাজারে সমুদ্রে স্নান করতে নেমে ডুবে মারা গেছেন দুই তরুণ, যাদের একজন এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রার্থী।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে শৈবাল পয়েন্টে নিখোঁজ হওয়ার আধঘণ্টা পর তাদের লাশ উদ্ধার করা করে স্থানীয়রা।
এরা হলেন কক্সবাজার শহরের মাছ বাজার এলাকার মংবাতা রাখাইনের ছেলে ক্যাংমউ রাখাইন (১৯) ও রাঙ্গামাটির চন্দ্রঘোনা এলাকার গৌতম মারমা চৌধুরীর ছেলে ইমন মারমা চৌধুরী (১৮)।
কক্সবাজার সদর থানার ওসি কাজী মতিউল ইসলাম জানান, বিকাল সাড়ে ৪টার দিকে রাখাইনদের বর্ষা উৎসব উপলক্ষে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হন কয়েকজন তরুণ।
এ সময় ওয়াংলাই রাখাইন (২০) নামের এক যুবক উঠে এসে স্থানীয়দের বিষয়টি জানান।
আধঘণ্টা খোঁজাখুঁজির পর উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মৃতদেহ দুটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
ইমনের বাবা একটি বেসরকারি ব্যাংকে চাকরি সূত্রে কক্সবাজার শহরে থাকেন। ইমন বাবার সঙ্গেই থাকতেন। তিনি এবার এইচএসসি পরীক্ষার ফলপ্রার্থী।
এদিকে ওয়াংলাই রাখাইন আরও তিন যুবক নিখোঁজ রয়েছেন বলে দাবি করলেও পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।
