২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আরবের সঙ্গে মিল রেখে কয়েকশ গ্রামে ঈদ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের ফরিদপুর, বরগুনা, ভোলা, দিনাজপুরসহ বিভিন্ন জেলার কয়েকশ গ্রামে শুক্রবার রোজার ঈদ উদযাপিত হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 11:50 AM

Updated : 12 Oct 2022, 04:02 PM

শুক্রবার চাঁদ দেখা গেলে বাংলাদেশের বেশিরভাগ মুসলমান ঈদ উদযাপন করবেন শনিবার। তবে এসব গ্রামের বিভিন্ন পীরের অনুসারীরা বরাবরই রোজা, ঈদ, শবে-বরাত, শবে-মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে।

মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ বিভিন্ন আরব দেশে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

বিভিন্ন জেলা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়ার মীর্জা খীল দরবার শরীফের হযরত শাহ জাহাঁগীরের (র.) অনুসারীরা দীর্ঘদিন ধরেই ঈদসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন আরবে চাঁদ দেখার ওপর নির্ভর করে।

সে অনুযায়ী এবারও তারা শুক্রবার ঈদ উদযাপন করছেন। তারা রোজাও শুরু করেছিলেন একদিন আগে।

চন্দনাইশের সাতবাড়িয়া এলাকার বাসিন্দা ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক ডা. সরোয়ার হোসাইন চৌধুরী জানান,  শুক্রবার সকাল সাড়ে ১০টায় দরবার শরীফে ঈদের প্রধান জামাত হয়। দক্ষিণ চট্টগ্রামের বিভিণ্ন অঞ্চল থেকে পীরের অনুসারীরা এসে সেখানে ঈদের নামাজ পড়েন।

এছাড়া চন্দনাইশ ও আনেয়ারাতেও এ পীরের অনুসারীরা ঈদ জামাতে অংশ নেন।

সাতকানিয়ার  মীর্জা খীল ছাড়াও চরতী, সুইপুরা ইউনিয়ন, গাটিয়া উপজেলার ডেঙ্গা, চন্দনাইশের হারলা, কাঞ্চননগর, বাদামতল, পশ্চিম এলাহাবাদ, বাইনজুরি, কেশুয়া, কানাইমাদারী, সাতবাড়িয়া, দোহাজারি, বাঁশখালীর চাম্বল, কালিপুর, শেখের খীল, ভাদালিয়া, হাছনদণ্ডী, চর বরমা, আলী নগর, পটিয়ার বাহুলী, পারিগ্রাম মোল্লা পাড়া, আলমদার পাড়া, হাইদগাঁও, আনোয়ারার বরুমছড়া, বরকল, তৈলার দ্বীপসহ আরও কিছু গ্রামে শুক্রবার ঈদ হচ্ছে।

এছাড়া কক্সবাজার জেলার চকরিয়া, টেকনাফ, মহেশখালী, হ্নীলা, কুতুবদিয়া, আলিকদম ও সীতাকুণ্ডের মাহমুদাবাদ এলাকায় এ মতে বিশ্বাসী মুসলমানরা শুক্রবার ঈদ করছেন।

ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাটাগড়, মাইট কুমরা, গঙ্গানন্দপুর, সুর্যোগ, সহস্রাইল, ভুলবাড়িয়া, রাখালতলি, দুর্গাপুর, তেলজুড়িসহ দশ গ্রামের কয়েক হাজার মানুষ শুক্রবার ঈদের নামাজ আদায় করেছেন।

সকাল ১০ টায় বোয়ালমারীর রাখালতলী গ্রামের শেখর ইউনিয়নের ঈদগা মাঠে তাদের ঈদের জামাত হয়।

আলফাডাঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাহিদুল হক বলেন, “আমরা মীর্জা খীল শরীফের অনুসারীরা সৌদি আরবের সাথে মিল রেখেই ঈদ উদযাপন করে থাকি।”

বরগুনা

বরগুনার নয়টি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে শুক্রবার। সকাল ৮ টায় বরগুনার বেতাগী উপজেলার বকুলতলা গ্রামের মালেক চেয়ারম্যান বাড়িতে হয়েছে ঈদের জামাত।

রগুনা সদর উপজেলার পাজরাভাঙ্গা গ্রামের মোকলেসুর রহমান শরীফ জানান, তারা কাদেরিয়া চিশতিয়া তরিকাপন্থী। প্রতিবছরই তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করে থাকেন।

এছাড়া সদর উপজেলার কালিরতবক, ধুপতি, গৌরীচন্না, আমতলী উপজেলার কুকুয়া, গোজখালী এবং পাথরঘাটা উপজেলার শিংড়াবুনিয়া ও কাকচিড়া গ্রামেও ঈদ করছেন এ মতে বিশ্বাসীরা।

দিনাজপুর

দিনাজপুর সদরসহ জেলার চারটি উপজেলার বিভিন্ন স্থানে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

সকাল সাড়ে ৮টায় শহরের ডেফডিল কমিউনিটি সেন্টারে ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা রউফ উদ্দিন।

পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জেলার বিরল উপজেলার ভাড়াডাঙ্গী বাজার, চিরিরবন্দর উপজেলার সাইতাড়া, কাহারোল উপজেলার রসুলপুর ও গড়েয়া বাজার এলাকায় ১৭ গ্রামের মানুষ এদিন সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ করেছে।

ভোলা

আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার ঈদ করছেন ভোলার পাঁচ উপজেলার সুরেশ্বরী ও সাতকানিয়া দরবারের অনুসারীরা।

সকাল ১০টায় ঈদের প্রধান জামায়াত হয় বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাই পত্তন গ্রামে।

এছাড়া জেলা সদরের ইলিশা, বোরহানউদ্দিনে টবগী, তজুমদ্দিনের শিবপুর, সম্ভুপুর, লালমোহন পৌর এলাকার একাংশ ও চরফ্যাশনের জিন্নাগর ইউনিয়নের একাংশসহ জেলার ১০টি গ্রামের পাঁচ হাজার মানুষ এদিন ঈদ উদযাপন করছে।

চাঁদপুর

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, জাক্নি, সোনাচোঁ, প্রতাপপুর, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর, উট্তলী, মুন্সিরহাঁট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচর, বালুথুবা, কাইতাপাড়া, নূরপুর, সাচনমেঘ, ষোলা, হাঁসা, গোবিন্দপুর; মতলবের দশানী, মোহনপুর, পাঁচানী এবং শাহরাস্তি ও কচুয়াসহ ৩১ গ্রামে ঈদ হয়েছে শুক্রবার।

সকাল সাড়ে ১০টায় ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর দরগাহ মসজিদে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন মাওলানা মো. নাসির উদ্দিন আহমেদ।

হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের পীর আল্লামা ইসহাকের অনুসারিরা বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে অংশ নেন।

লালমনিরহাট

লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার সুন্দ্রাহবি মৌজার হাড়িশ্বরের মুন্সিপাড়া, চন্দ্রপুরের বালাপাড়া, কাকিনার মিলনবাজার ও পানিখাওয়ার ঘাট গ্রামের সহস্রাধিক মানুষ শুক্রবার ঈদ করেছেন।

হাড়িশ্বর মুন্সিপাড়া গ্রামের ঈদগাহ মাঠের সভাপতি মওলানা আব্দুল আজিজ জানান, গত পাঁচবছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ এলাকার মানুষ ঈদ উদযাপন করে আসছে।

মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের  সদর উপজেলার আনন্দপুর, শিলই, নায়েবকান্দি, আধারা, মিজিকান্দি, কালিরচর, বাংলাবাজার, বাঘাইকান্দির ও কংসপুরা গ্রামে শুক্রবার ঈদ উদযাপিত হয়েছে।

সকাল সাড়ে ১০টায় শিলই ঈদগাহে জাহাগিরীয়ায় জামাত অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে প্রায় সাড়ে তিনশ মুসল্লি ঈদ জামাতে অংশ নেন।

শেরপুর

শুক্রবার সদর উপজেলার ঘুঘুরাকান্দি সাতানিপাড়া ও ঘুঘুরাকান্দি উত্তরপাড়া, নালিতাবাড়ী উপজেলার নন্নী মাঠখোলা ও ঝিনাইগাতী উপজেলার বন্ধভাটপাড়া চতল গ্রামে আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপিত হয়েছে।

সকাল ৮টা থেকে সকাল ১১টার মধ্যে এসব এলাকায় ঈদের জামাত হয়।