দিনাজপুরে কলেজ ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক কলেজ ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নওগাঁ নাপিতপাড়া গ্রামের একটি নির্জন রাস্তা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে বীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান।
নিহত রুমানা আক্তার (১৯) বীরগঞ্জ উপজেলার বড় শিথলাই গ্রামের আব্দুল মালেকের মেয়ে। এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি।
ওসি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার সুজালপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকা নওগাঁ নাপিতপাড়ায় নির্জন মাটির রাস্তার উপর লাশটি পড়ে ছিল।
“সেখানেই তাকে জবাই করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জবাইয়ের পর লাশের মাথা ও মুখ থেতলে দেওয়া হয়েছে।”
ঘটনাস্থল থেকে নিহত তরুণীর বাড়ির দূরত্ব প্রায় তিন কিলোমিটার বলে জানান তিনি।
তবে নিহত তরুণী ওই স্থানে কেন, কীভাবে গেলেন সে বিষয়ে কিছু বলতে পারেনি পুলিশ।
