নিয়োগে অগ্রাধিকার পাবে ছিটবাসী: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দীর্ঘদিনের বন্দিজীবনে পিছিয়ে পড়া ছিটমহলবাসীকে এগিয়ে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন পদে নিয়োগে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
বৃহস্পতিবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার লতামারী ছিটবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, “বিশেষ করে বডার গার্ড বাংলাদেশে (বিজিবি) বেসামরিক পদে নিয়োগে ছিটবাসীকে প্রাধান্য দেওয়া হবে।”
লালমনিরহাটের ৫৯টি ছিটমহলের বাসিন্দাদের পুনর্বাসনে সরকারের ৬১ কোটি টাকার বরাদ্দের কথা তুলে ধরেন তিনি।
‘১৯৭৪ সালের স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন মানেই বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ’ মন্তব্য করে মন্ত্রী বলেন, “এ চুক্তির বাস্তবায়নে ছিটবাসী এখন মুক্ত মানুষ।”
বেলা ১১টায় ২৫ মিনিটে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে পাটগ্রাম হেলিপ্যাডে অবতরণ করেন আসাদুজ্জামান খাঁন কামাল। এরপর বহুল আলোচিত দহগ্রাম-আঙ্গোরপোতা তিনবিঘা করিডোর হয়ে দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এসময় তিনবিঘা করিডোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অর্নার দেয়।
বেলা আড়াইটার দিকে হেলিকপ্টার যোগে সেখান থেকে পঞ্চগড় যান মন্ত্রী।
বিকালে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের গারাতি ছিটমহলের ফোকানিয়া মাদ্রাসা মাঠে ছিটমহলবাসীদের সঙ্গে আরেকটি মতবিনিময় সভা করেন তিনি।
মন্ত্রী বলেন, সরকার ছিটমহলবাসীদের জন্য প্রয়োজনীয় সব কিছু করবে।
“ছিটমহল এখন বাংলাদেশের মূল ভূখণ্ড। তাদের জীবনমানের উন্নয়নের জন্য সরকার যথেষ্ট আন্তরিক রয়েছে।”
