বঙ্গভবনে জাপানের নতুন রাষ্ট্রদূত
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র দেওয়ার মধ্য দিয়ে কাজ শুরু করেছেন বাংলাদেশে জাপানের নতুন রাষ্ট্রদূত মাশাতো ওয়াতানাবে।
তার পাশাপাশি বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে স্পেনের রাষ্ট্রদূত এদুয়ার্দো দি লাইগ্লেসিয়া দেল রোসালও পরিচয়পত্র পেশ করেন।
বৃহস্পতিবার বিকালে নতুন দুই রাষ্ট্রদূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাপানের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি আশা করেন, ভবিষ্যতে এই সহযোগিতা অব্যহত থাকবে।”
জাপানের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি হচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি দেশটির ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ জাপানকে বিশ্বস্ত উন্নয়ন অংশীদার মনে করে।
গত বছর দুই দেশের প্রধানমন্ত্রীর সফরের কথা উল্লেখ করে আবদুল হামিদ বলেন, এই সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে নতুন রাষ্ট্রদূত বলেন, এসব প্রকল্প সফলতার সঙ্গে বাস্তবায়ন হচ্ছে।
স্পেনের রাষ্ট্রদূত দেল রোসালের সঙ্গে আলোচনায় দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে আহ্বান জানান রাষ্ট্রপতি। ব্যবসায়ী ও উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপরও গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতির উল্লেখ করে রাষ্ট্রপতি এসময় স্পেনিশ বিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
২০১৫-১৬ সালে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে স্পেন প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতি দেশটিকে অভিনন্দন জানান। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ স্পেনের সঙ্গে কাজ করতে পারে।
নতুন দুই রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদেরকে আলাদাভাবে গার্ড অব অনার দেয়।
নতুন রাষ্ট্রদূতদের পর বাংলাদেশের নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ এইচ আবুইয়াদেহ রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।
২০০৬ সাল থেকে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে কাজ করায় রাষ্ট্রপতি শাহের মোহাম্মদকে ধন্যবাদ জানান।
আবদুল হামিদ বলেন, বাংলাদেশ শুরু থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের আন্দোলনে সমর্থন দিচ্ছে, ভবিষ্যতেও দেবে।
বিদায়ী দূত এসময় সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
