২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রশ্ন ফাঁস চক্রের’ ৬ সদস্য গ্রেপ্তার

ফেইসবুকে যোগাযোগ করে প্রশ্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীতে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 08:35 AM

Updated : 22 Aug 2022, 12:48 PM

এরা হলো- রায়হান চৌধুরী ওরফে ড্যান ব্রাউন, রাহুল মিয়া, রায়হান মিয়া, আরেফিন রাব্বি, অভি আবদুল্লাহ ও আবদুল মজিদ।

বুধবার ভোর রাতে ডেমরা এলাকা থেকে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার সকালে ডিএমপির গণমাধ্যম কার্যালয়ে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আটককৃতরা কয়েক বছর ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নফাঁসের কথা বলে ফেইসবুকে যোগাযোগ করে শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

“তারা শিক্ষার্থীদের পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে দেওয়ার কথা বলেও টাকা আদায় করেছে।”

এদের মধ্যে রায়হান চৌধুরী এ চক্রের হোতা। ড্যান ব্রাউন নাম নিয়ে সে সাইবার অপরাধ চালিয়ে আসছিল।

ডেমরার গোলাম মোস্তফা মডেল কলেজের কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগসাজশে তিনি এই প্রতারণা চালাতেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে অভি আব্দুল্লাহ ডেমরার গোলাম মোস্তফা মডেল কলেজের ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য এবং পরিচালনা পর্ষদের সহকারী পরিচালক।

“তারা উত্তরপত্র টেম্পারিং করার কথা বলে ফেইসবুকের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের আকৃষ্ট করত ও মোটা অংকের টাকা হাতিয়ে নিত।”

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে প্রশ্ন ফাঁসের কাজে ব্যবহৃত দুটি কম্পিউটার, একটি লেনোভো ট্যাব, একটি লেনোভো ল্যাপটপ, নয়টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট, পরীক্ষার উত্তরপত্র এবং ফেইসবুক অ্যাকাউন্ট ও বিকাশ অ্যাকাউন্টের হিসাব রাখার জন্য চারটি ডায়েরি/রেজিস্টার/খাতা জব্দ করা হয়।

আসামীদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ও পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে ডেমরা থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

গোয়েন্দা কর্মকর্তা মনিরুল বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করে তাদের সঙ্গে আর কারা কারা জড়িত- তা বের করা হবে।

এসময় উপস্থিত ছিলেন গোয়েন্দা পুলিশের উপকমিশনার শেখ নাজমুল আলম, উপকমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম, অতিরিক্ত উপকমিশনার মো. শাহজাহান ও সহকারী কমিশনার মো. নাজমুল ইসলাম।

গতবছর এইচএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের ব্যাপক অভিযোগের মধ্যে একটি বিষয়ের পরীক্ষা দ্বিতীয়বার নিতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়। আগের রাতে ফেইসবুকে প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায় প্রাথমিক সমাপনী, জেএসসি ও এসএসসিতেও।

এ বছরও এইচএসসির হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষার আগের রাতে ফেইসবুকে ফাঁস হওয়া নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে আসে, যা পরে পরীক্ষার প্রশ্নের সঙ্গে হুবুহু মিলে যায়।

পুরনো খবর:

ফাঁস প্রশ্নেই পরীক্ষা হল এইচএসসিতে
‘প্রাথমিক সমাপনীর প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণিত’
এইচএসসি: ঢাকা বোর্ডের ইংরেজি পরীক্ষা স্থগিত
বছরজুড়ে আলোচনায় প্রশ্ন ফাঁস