মুগদায় বাসায় ঢুকে গুলি, আহত ১
রাজধানীর দক্ষিণ মুগদায় বাসায় ঢুকে এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ মুগদায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতের নাম মো. জাহাঙ্গীর আলম (৪৮)। তিনি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির একজন ফোরম্যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই সেন্টু চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে জাহাঙ্গীরকে তার স্ত্রী মায়া বেগম ও ছেলে আবীর গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। জাহাঙ্গীরের ডান বুকের নিচের দিকে একটি গুলির চিহ্ন রয়েছে।
জাহাঙ্গীরের স্ত্রীর বরাত দিয়ে সেন্টু বলেন, “রাত সাড়ে ৯টার দিকে জাহাঙ্গীরের নিজস্ব চার তলা বাড়ির তৃতীয় তলায় ১০/১২ জন যুবক ঢুকে জাহাঙ্গীরকে গুলি করে পালিয়ে যায়।”
মায়া বেগম পুলিশকে জানান, ওই ভবনের নিচতলায় শাহেনশা নামে এক যুবক ভাড়া থাকতেন। শাহেনশা মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকায় এক বছ আগে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন জাহাঙ্গীর।
মায়া বেগমের দাবি, এতে ক্ষিপ্ত হয়ে শাহেনশা লোকজন নিয়ে এসে বুধবার হামলা চালায়।
তবে হামলাকারীদের মধ্যে শাহেনশা ছিলেন কি না, তা জানাতে পারেননি তিনি।
