ক্রিকেটারদের খালেদার অভিনন্দন
টানা চতুর্থ ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার চট্টগ্রামে জহুর আহমেদ স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯ উইকেটের জয় পায় বাংলাদেশ। এতে ২-১ এ সিরিজ নিশ্চিত হয় বাংলাদেশের।
দেশের মাটিতে জিম্বাবুয়ে, পাকিস্তান ও ভারতের পর এটি বাংলাদেশের টানা চতুর্থ ওয়ানডে সিরিজ জয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্রিকেটারদের এই সাফল্যে খালেদা জিয়া প্রশিক্ষকসহ সব কর্মকর্তাদেরও অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশের এই জয়ের ধারা অব্যাহত থাকার আশা প্রকাশ করে খালেদা জিয়া বলেন, “দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দলের এই বিজয়ে দেশবাসীর সঙ্গে আমিও আনন্দিত। আমাদের খেলোয়াড়রা ভবিষ্যতে তাদের জয়ের এই ধারা অব্যাহত রেখে বিশ্ব অঙ্গনে বাংলাদেশের মান মর্যাদা সমুন্নত রাখবে বলে আমি প্রত্যাশা করি।”
এই জয়ে সদ্য কারামুক্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বাংলাদেশ দলের ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন।
