পঞ্চগড়ে মাদকসহ আটক কারারক্ষী বরখাস্ত
পঞ্চগড়ে নেশা জাতীয় ভারতীয় ইনজেকশন ও ফেনসিডিলসহ আটক কারারক্ষী বেলাল হোসেনকে (২৮) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জেলা কারাগারের জেলার ইউনুস জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, সাময়িক বরখাস্তের আদেশে জেল সুপারের স্বাক্ষরের পর তা অনুমোদনের জন্য বুধবার ডিআইজির (প্রিজন) কাছে পাঠানো হয়েছে।
পঞ্চগড় থানায় এসআই শাহীনুজ্জামান বলেন, মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বংশিধার এলাকা থেকে নেশা জাতীয় ১৪০টি ভারতীয় ইনজেকশন ও দুই বোতল ফেনসিডিলসহ বেলাল হোসেন ও সাদ্দাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ ঘটনায় রাতে একটি মামলা করা হয় তাদের বিরুদ্ধে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ওই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়।
আদালত বৃহস্পতিবার শুনানির জন্য দিন ধার্য্য করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানান তিনি।
