২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দু জেলায় বজ্রপাতে নিহত ৪

পিরোজপুর ও চাপাইনবাবগঞ্জে ব্রজপাতে চারজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পিরোজপুর ও চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 06:25 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

বুধবার দুপুরে পিরোজপুর ও চাপাইনবাবগঞ্জ সদরে এবং নাচোল উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। 

পিরোজপুর সদর থানার ওসি মো. এনায়েত হোসেন বলেন, দুপুর আড়াইটার দিকে উপজেলার কদমতলা ইউনিয়নের জ্ঞানসাহা এলাকায় বজ্রপাতে দুজন আহত হন।

পরে স্থানীয়রা পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। 

এরা হলেন, কদমতলা এলাকার অধির রঞ্জন হালাদারের ছেলে অসীম হাওলাদার (২২) ও সমীর সিংহর ছেলে রাজিব সিংহ (২৭)।

তারা দুজনেই একটি ডেকোরেটরের দোকানে কাজ করতেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির আহমেদ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১২টার দিকে সিংরইল গ্রামে একটি ধানক্ষেতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এক পর্যায়ে একটি বজ্রপাতে ঘটনাস্থলে দুজন কৃষকের মৃত্যু হয়।

নিহত মাসুদ রানা(১৬) নাচোল উপজেলার সিংরইল গ্রামের আমিন আলির ছেলে ও তরিকুল ইসলাম(৪০) চাপাইনবাবগঞ্জ সদরের সজ্জন এলাকার হাবিবুল ইসলামের ছেলে।