২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদযাত্রায় বুধবার থেকে বিশেষ ট্রেন

ঈদ উপলক্ষে বাড়তি যাত্রী পরিবহনে বুধবার রাজধানী থেকে দেশের বিভিন্ন রুটে বিশেষ ট্রেন চালু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 07:13 AM

Updated : 12 Oct 2022, 04:01 PM

কমলাপুর রেলস্টেশন থেকে প্রতিদিন খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও চট্টগ্রামের পথে বিভিন্ন সময়ে ৬৩টি ট্রেন ছেড়ে যায়।

ঈদ উপলক্ষে বুধবার থেকে দিনাজপুরের পার্বতীপুর, খুলনা ও দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে বলে কমলাপুরের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানিয়েছেন।

বিকাল ৩টার দিকে খুলনাগামী ট্রেনটি ছেড়ে যাবে বলে জানান তিনি।

ঈদের কয়েকদিন আগ থেকে রেলপথে অতিরিক্ত ভিড়-ঠেলাঠেলি কিংবা সূচি বিপর্যয়ের ভোগান্তি হয়ে থাকলেও মঙ্গলবার অনেকটা নির্বিঘ্নে কমলাপুর স্টেশন ছেড়ে গেছেন ঘরমুখো মানুষ।

Image
ঈদ করতে বাড়ি ফিরতেই হবে, তাই চলন্ত ট্রেনে উঠতেই এ ভোঁ দৌড়। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

ঈদ করতে বাড়ি ফিরতেই হবে, তাই চলন্ত ট্রেনে উঠতেই এ ভোঁ দৌড়। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

আগাম টিকিট কিনে ভ্রমণের সুযোগ থাকলেও মঙ্গলবার সকালে এসেই দুপুরের টিকিট কিনে ঈদযাত্রা করতে পেরেছেন চট্টগ্রাম, রাজশাহী, পাবনা সিলেটসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

চলতি জুলাইয়ের ১৮ কিংবা ১৯ তারিখে ঈদুল ফিতর সামনে রেখে আত্মীয়-স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে ঈদের ছুটিতে গ্রামে ছুটিছে শহুরে মানুষজন।

ঈদের আগে প্রতিবছর বাস ও রেল স্টেশন এবং লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়। মঙ্গলবার পর্যন্ত সেরকম ভিড় চোখে পড়েনি কমলাপুর রেলওয়ে স্টেশনে।   

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী রিয়া ও মিতা তাদের ক্লাস থ্রিতে পড়ুয়া ছোট ভাই অয়নকে নিয়ে মঙ্গলবার দুপুরে পাবনার চাটমহরের উদ্দেশ্য রওয়ানা হন।

রিয়া জানান, ঈদের ভিড় শুরু হওয়ার আগেই গ্রামের বাড়িতে স্বজনদের কাছে পৌঁছাত চান তারা। আর সে কারণেই একটু আগেভাগে বাড়িতে যাচ্ছেন।

কমলাপুরের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদ সামনে রেখে সকাল থেকে নির্ধারিত যাত্রীবাহী ট্রেনগুলো দেশের বিভিন্ন গন্তব্যে নির্বিঘ্নে ছেড়ে যাচ্ছে।”